ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করছে রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতসহ নাম না জানা ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর বাঁধভাঙা মানুষ হৃদয়ের অর্ঘ্য নিবেদনে ছোটে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদবেদী। সারাদেশের শহীদ মিনারগুলোতেও চলছে ভালোবাসার ফুলেল তর্পণ।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। রাত ১২টা ১ মিনিটের পর পর্যায়ক্রমে ফুল দেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর ১২ টা ৬ মিনিটে শহীদ বেদীতে ফুল দেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী।
পরে একে একে শহীদ মিনারে আসেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, কূটনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা।
ফুল ও স্তবক হাতে এরপর মিনারে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশন, নির্মল সেন, সেক্টর কমান্ডারস ফোরাম, আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সাম্যবাদী দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরী। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন খোন্দকার দেলোয়ার ও হান্নান শাহ।
এরপর সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। ফুলে উপচে পড়ে শহীদ বেদী। লোকজনকে সারিবদ্ধ রাখতে বেগ পেতে হচ্ছিল নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের।
সন্ধ্যা থেকেই শহীদ মিনারকে ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিডিআর, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শহীদ মিনার এলাকার শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস জানান, সন্ধ্যা ৬ টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখানে প্রবেশের পথগুলোতে তল্লশি চালানো হয়। কড়া নিরাপত্তার মধ্যে মানুষ সারি এগিয়ে যায় শহীদ মিনারের দিকে।
একুশে ফেব্র"য়ারি। বাঙালির জাতীয় ইতিহাসের এক বেদনার দিন, গৌরবের দিন। মায়ের ভাষার সম্মান রক্ষায় অসাধারণ আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর এই দিনটিকে ঘিরে বাঙালির শোক-শ্রদ্ধার প্রকাশ ঘটে ফুলের তর্পণ আর ভাইকে হারানোর বেদনা কণ্ঠে ধারণ করে।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার মিছিলে সমবেত আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, শফিউর আর আব্দুল জব্বারসহ নাম না জানা অনেকে পুলিশের গুলিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। ওই দিন আহত হয়ে আব্দুস সালাম মারা যান ৭ এপ্রিল।
শহীদদের আত্মত্যাগে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পাকিস্তানি শাসকচক্রের ভীতি উপেক্ষা করে ২৩ ফেব্র"য়ারি এক রাতের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে গড়ে তোলা হয় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। ২৬ তারিখে পুলিশ সেটা গুঁড়িয়ে দিলেও বাঙালির স্মৃতিতে অম্লান হয়ে থেকেছে স্মৃতির মিনার। আন্দোলনের ফসল হিসেবে ১৯৫৬ সালে সরকারিভাবে উদ্বোধন করা হয় পূর্ণাঙ্গ শহীদ মিনার।
এরপর থেকে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থেকেছে একুশে ফেব্র"য়ারি। স্বাধীনতা পরবর্তীকালেও যে কোনো অন্যায়ের প্রতিরোধে একুশ হয়েছে মৌল চেতনার উৎস।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/জেএফ/এমইউএ/জেকে/এসএনডি/এমএইচবি/১৪০৫ ঘ.
bdnews24