ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির বিষয়ে বুধবার একটি চুক্তি হয়েছে। ভারতের প্রতিশ্র্রুত পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রথম পর্যায় হিসেবে এই চুক্তি হলো।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তি অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে এই ৫০ হাজার টন চাল বাংলাদেশে আসবে। ট্রেন ও সড়ক পথে এই চাল বাংলাদেশে পাঠানোর প্রস্তাব করেছি আমরা।"
উপদেষ্টা জানান, বাকি সাড়ে চার লাখ টন চালের বিষয়ে পরে আলাদা চুক্তি হবে।
গত ১২ ফেব্র"য়ারি পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি সংক্রান্ত একটি কার্যবিবরণীতে দুই দেশ সম্মতি দেয়। এর পরপরই চুক্তির খসড়া অনুমোদনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায় পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে ৫০ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দেওয়ার পরপরই বুধবার কলকাতায় দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেছেন মোল্লা ওয়াহিদুজ্জামান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
১২ ফেব্র"য়ারির সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির ক্ষেত্রে প্রতিটনের গড় দাম পড়বে ৩৯৯ ডলার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আইয়ুব মিঞা জানান, "বাকি চাল আমদানির জন্য চুক্তি করতে মোল্লা ওয়াহিদুজ্জমান এখনও কলকাতায় আচেন। আশা করছি তিনি বাকি চাল আমদানির চুক্তি করেই দেশে ফিরবেন।"
গত ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর ২ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বাংলাদেশ সফরে এসে বাংলাদেশে পাঁচ লাখ টন চাল রপ্তানির কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জেকে/এমএইচবি/২২০৮ ঘ.
bdnews24