মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৫২'র ভাষা আন্দোলনে শহীদ হন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর পারিল গ্রামের রফিক উদ্দিন আহমেদ। ভাষাশহীদ রফিকের নামেই এখন তার গ্রামের নাম। তাকে নিয়ে গর্বিত 'শহীদ রফিক নগর' গ্রামের মানুষ। রফিকের নামে সরকারিভাবে গ্রামটিতে নির্মিত হচ্ছে গ্রন্থাগার ও জাদুঘর।
ভাষাসৈনিক রফিক উদ্দিন আহমেদের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর পারিল গ্রামে। ভাই আবদুল খালেকের স্ত্রী গুলেনুর বেগম এখন রফিকের সেই বাড়িটিতে থাকে। বেসরকারি সংস্থা প্রশিকা তাদের থাকার জন্য ওই বাড়িতে একটি ঘর ও পাঠাগার নির্মাণ করে দিয়েছে।
রফিক ছিলেন বাবা-মার প্রথম সন্তান। একবার গাছ থেকে পড়ে তার হাত ভেঙে যায়। চিকিৎসার জন্য যান কলকাতা। সেখানে গিয়ে ওঠেন তার এক আত্মীয়ের বাসায়। থেকেও যান সেখানে। ভর্তি হন সিএ ইনস্টিটিউশনে। দেশ বিভাগের কয়েক বছর পর দেশে ফিরে সিংগাইরে বায়রা স্কুল থেকে প্রবেশিক পাস করেন। তারপর মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে হন ভর্তি।
দেবেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চলে আসেন ঢাকায়। তৎকালীন জগন্নাথ কলেজে পড়ালেখার পাশাপাশি বাবুবাজারে বাবার প্রেস ব্যবসা দেখাশোনা করতেন তিনি। সেইসঙ্গে যুক্ত হয়ে পড়েন ছাত্ররাজনীতির সঙ্গে।
নিজ ভাষা ও একটি স্বতন্ত্র দেশস্বপ্ন ছিল রফিকের সমস্ত সত্ত্বাজুড়ে। সেই স্বপ্নে বিভোর রফিক ২১ ফেব্র"য়ারিতে গেলেন ভাষার জন্য মিছিলে। মিছিল থেকে যে রফিক ফিরে এসেছেন তাতে প্রাণ ছিল না। পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
গুলেনুর বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০১ সালে প্রশিকা তাদের থাকার জন্য ওই বাড়িতে একটি পাকা ঘর ও একটি পাঠাগার নির্মাণ করে দিয়েছে।
শহীদ রফিক নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু জানান, স্বাধীনতার পর স্থানীয় জনসাধারণ মানিকগঞ্জ শহরের একটি সড়কের নামকরণ করে শহীদ রফিকের নামে। এছাড়া সিংগাইর থানায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে শহীদ রফিক সেতু।
১৯৮২ সালে শহীদ রফিকের মা রাফিজা খাতুনের নামে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টিতে জেলা প্রশাসন পাঁচ শতাংশ জমি ইজারা দেয়। ওই জমি নিয়ে ঝামেলা হলে, রফিকের ছোট ভাই খোরশেদ আলম হরিদাস রায় নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটুকু কিনে নেন। ১৯৮৭ সালে তদানীন্তন সরকার তার মা রাফিজা খাতুনকে ওই জমির উপর ছোট একটি টিনশেড ঘর তৈরি করে দেন। ওই বাড়িতেই শহীদ মাতা রাফিজা খাতুনের মৃত্যু হয় ১৯৮১ সালে।
বর্তমানে শহীদ রফিকের ছোট ভাই খোরশেদ আলম বাড়িটিতে বসবাস করছেন।
খোরশেদ আলম বলেন, 'শহীদ ভাইয়ের গর্বে আমি গর্বিত।"
তিনি জানান, তারা ছিলেন পাঁচ ভাই ও দুই বোন। এদের মধ্যে আব্দুস সালাম ১৯৭৩ সালে, আব্দুর রশিদ ১৯৮৩ সালে ও আব্দুল খালেক ১৯৯১ সালে মারা যান।
জীবতি আছেন বোন আলেয়া বেগম (৬৬) এবং জাহানারা বেগম (৫৫)।
জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে শহীদ রফিক নগর গ্রামে এক বিঘা জমির উপর নির্মিত হচ্ছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। রফিকের প্রতিবেশী কর্নেল (অব.) মজিবুল ইসলাম খান এ জমি দান করেন।
শহীদ রফিকের বাল্যবন্ধু চিত্রশিল্পী নাইম উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার প্রথম সোপান ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের সৈনিক শহীদ রফিকের নামে গ্রামের নামকরণ হওয়ায় আমার গর্বিত।
মানিকগঞ্জের জেলা প্রশাসক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অনুমোদন ক্রমে সিংগাইরের উত্তর পরিল গ্রাম এখন 'শহীদ রফিক নগর'। সরকারিভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩৩৮ ঘ.
bdnews24