ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখায় ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে আরও আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গোয়েন্দা পুলিশ মোট ২৫৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার ও ১৬ জনকে গ্রেপ্তার করল।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী আবু তাহেরসহ এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত ১৬ ও ১৭ ফেব্র"য়ারি কেরাণীগঞ্জ এবং বাগেরহাটের মংলাসহ বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে আট জনকে আটক করা হয়। তাদের মধ্যে তাঁতীবাজারের দেব কুমার দাস ও সুকুমার চক্রবর্তী নামে দু'স্বর্ণ ব্যবসায়ী রয়েছে। এরা ডাকাতদের কাছ থেকে স্বর্ণ কিনেছিল।"
গ্রেপ্তার হওয়াদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য বলে জানান আসাদুজ্জামান। এরা হলো- ফজলুল হক, মাসুম বিল্লাহ, আবু হানিফ, রুস্তম ও হাওয়া বিবি। এরাই হোটেল নীদ মহলের চার/পাঁচটি কক্ষ ভাড়া নেয়। অভিযানের শুরুতে ঢাকা ও মুন্সীগঞ্জ থেকে আরেকটি পরিবারের তিন সদস্য রাজা মিয়া, মজনু ও ময়নাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান, ডাকাতদলের আরও দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা বিদেশে পালানো চেষ্টা করছে। বিষয়টি বিমানবন্দরের বর্হিগমন বিভাগকে জানানো হয়েছে।
রাজধানীর শুক্রাবাদে ব্রাক ব্যাংক ধানমন্ডি শাখার লকার ভেঙে ডাকাতির ঘটনা গত ৬ জানুয়ারি প্রকাশ পায়। এর আগে দু'দিন সাপ্তাহিক ছুটি ছিল। রোববার ব্যাংক খোলার পর একজন গ্রাহক লকার দেখতে গেলে ডাকাতির ঘটনা জানাজানি হয়। দেখা যায় ডাকাতরা হোটেল নিদ মহলের তিনতলার মেঝে কেটে দোতালায় ব্যাংকের লকার রুমে ঢুকে ৬০টি লকারের সম্পদ নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24