ইসমাইল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হচ্ছে শহীদ শিক্ষক ড. শামসুজ্জোহাকে।
ড. জোহার আত্মোৎসর্গের স্মৃতি অমলিন রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ ফেব্র"য়ারি দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
৬৯ এর গণঅভ্যূত্থানের সময় ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনার গুলিতে প্রাণ দেন রসায়ন বিভাগের শিক্ষক ড. জোহা। তিনি ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে দায়িত্ব পালন করছিলেন।
ড. জোহা দিবস পালনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী কর্মসূূচি পালন করছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। ক্যাম্পাসে ড. জোহার সমাধি ও স্মৃতিফলকে ফুল দেয় বিভিন্ন সংগঠন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতা করেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান। রসায়ন বিভাগের সভাপতি বাসুদেব কুমার দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক উপাচার্য আব্দুল খালেক, বর্তমান উপাচার্য আলতাফ হোসেন, উপ-উপাচার্য মামনুনুল কেরামত প্রমুখ।
বক্তারা স্বাধিকার তথা স্বাধীনতার অন্দোলনে জোহার অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
১৯৬৯ সালের সালের ১৮ ফেব্র"য়ারি শহীদ হন ড. জোহা। ১৯৬৯ সালের ফেব্র"য়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে দেশজুড়ে তুমুল আন্দোলন চলছিল। ১৫ ফেব্র"য়ারি কারাগারে সার্জেন্ট জহুরুল হককে নৃশংসভাবে হত্যা করার পর আন্দোলন আরও তীব্র হয়। জারি করা হয় ১৪৪ ধারা।
১৭ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। ওই রাতে রাজশাহী-ঢাকা মহাসড়কে ১৪৪ ধারা জারির প্রচার চালানোর সময় জেলা পাবলিসিটি অফিসের গাড়িতে আগুন ধরিয়ে দেন ছাত্ররা। ওই সময় বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা ক্যাম্পাসে অবস্থান নেয়। পরদিন ১৮ ফেব্র"য়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে শহরে যাওয়ার চেষ্টা করে। তখন প্রক্টর ড. জোহা এসে হাজির হন জিন্নাহ্ হলের (বর্তমানে শের-ই-বাংলা হল) সামনে। তার সঙ্গে ছিলেন সহকারী প্রক্টর (পরবর্তীতে উপাচার্য) অধ্যাপক আব্দুল খালেক, বাংলা বিভাগের প্রভাষক আবু সাইয়িদ, অধ্যাপক কাজী আব্দুল মান্নান, প্রয়াত অধ্যাপক এম আর সরকার, অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষক। তারা বিক্ষুব্ধ ছাত্রদের হলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সেই সময়ের কথা বলতে গিয়ে অধ্যাপক আব্দুল খালেক বলেন, "তিনি (ড. জোহা) ছাত্রদের বলেছিলেন, 'আমি বলছি গুলিবর্ষণ হবে না, যদি গুলিবর্ষণ হয় তাহলে কোনও ছাত্রের গায়ে লাগার আগে সেটা আমার গায়ে লাগবে।' তিনি সে কথা রেখেছিলেন। প্রিয় ছাত্রদের পাক-হানাদারের বুলেট থেকে রক্ষা করতে নিজেই বুক পেতে দেন।"
অধ্যাপক আব্দুল খালেক জানান, ছাত্ররা যখন ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করছিল তখন ড. জোহা ছাত্রদের বাঁচাতে তাদের পক্ষ নিয়ে পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট খাদেম শাহ্'র সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে উত্তেজিত খাদেম শাহ্ সঙ্গী সৈন্যদের ড. জোহার ওপর গুলি চালানোর নির্দেশ দেন। বাঙালি সৈন্যরা আদেশ পালনে দ্বিধা করলে খাদেম শাহ্ নিজেই রিভলবার দিয়ে ড. জোহাকে গুলি করেন। বিশ্ববিদ্যালয় মূল গেটের সামনে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জোহা।
সহকর্মী আব্দুল খালেক বলেন, "এরপর পাকিস্তানি সেনারা ড. জোহাকে গাড়িতে করে তৎকালীন পৌরসভা ভবনের একটি কক্ষে নিয়ে ফেলে রাখে। কয়েক ঘণ্টা পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ড. জোহাকে মৃত ঘোষণা করেন।"
জোহা হত্যার খবর ছড়িয়ে পড়লে সারাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। পরদিন ১৯ ফেব্র"য়ারি জোহা হত্যার প্রতিবাদে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয় দেশব্যাপী। ওই দিনই দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হওয়া প্রথম বুদ্ধিজীবী ড. জোহাকে মতিহারের সবুজ চত্বরে চির নিদ্রায় সমাহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24