২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ঘেরাও করুন, আমি সঙ্গে থাকব: হাসান মশহুদ

দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে ঘেরাও করার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, আপনারা কর্মসূচি দিলে আমিও আপনাদের সঙ্গে থাকব। সোমবার পটুয়াখালী ও বরগুনায় সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পটুয়াখালী ও রগুনা প্রতিনিধির পাঠানো খবর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 08:01 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে ঘেরাও করার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, আপনারা কর্মসূচি দিলে আমিও আপনাদের সঙ্গে থাকব। সোমবার পটুয়াখালী ও বরগুনায় সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পটুয়াখালী ও রগুনা প্রতিনিধির পাঠানো খবর - পটুয়াখালীর সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, "শুধু কাগজে লিখে আর টক শোতে আলোচনা করে দুর্নীতি দমন করা যাবে না। দুর্নীতি প্রতিরোধে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে ঘেরাও করতে হবে। আপনারা কর্মসূচি দিন। আমি আপনাদের সঙ্গে থাকব।" দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেন, "যতদিন দুর্নীতির কলঙ্ক মুছে না যায়, ততদিন পর্যন্ত অভিযান চলবে।" তিনি বলেন, "দুর্নীতির সমালোচনা করতে হবে, দুর্নীতিবাজদের মানসিক চাপের মধ্যে রাখতে হবে।" শোভাযাত্রা, মানববন্ধন, মৌনমিছিলসহ নানা কর্মসূচির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান দুর্নীতি দমন সংস্থার প্রধান। পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল লতিফ মাসুম, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু তালেব মিয়া, পটুয়াখালীর জেলা প্রশাসক মীর মশিউর আলম, অ্যাডভোকেট আবদুল আজিজ, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি আবু জাফর খান, মুক্তিযোদ্ধা মনোয়ারা মনু প্রমুখ। পটুয়াখালীতে মতবিনিময় সভা শেষ করে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরগুনা যান। দুপুর দেড়টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমী ভবনে জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বরগুনার সভায় হাসান মশহুদ বলেন, তিতাসের দুর্নীতিবাজ কর্মচারীদের মত সকল স্তরের দুর্নীতিবাজদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা দিতে কমিশন সবার পাশে রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহা পরিচালক মো. আবু তালেব, বরগুনার জেলা প্রশাসক মো. শাফায়েত হোসেন এবং পুলিশ সুপার মো. তানভীর হায়দার চৌধুরী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত অংশগ্রহনকারীদের কাছ থেকে বিভিন্ন মতামত গ্রহন করেন দুদক চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিএইচ/এমআই/এমএসবি/২০৫০ ঘ.