২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি যেভাবে মান্না হলেন

আশির দশকে এফডিসির 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদারের। সেই আসলাম তালুকদারই রূপালী পর্দায় পরিচিত হন মান্না নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশির দশকে এফডিসির 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদারের। সেই আসলাম তালুকদারই রূপালী পর্দায় পরিচিত হন মান্না নামে। ১৯৮৫ সালে আজহারুল ইসলাম পরিচালিত 'তওবা'র মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মান্না। তবে প্রথম মুক্তি পায় কাজী হায়াতের 'পাগলী'। চলচ্চিত্র জগতে প্রায় দুই যুগের পদচারণায় চারশ'র কাছাকাছি ছবিতে ৩৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেন মান্না । বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েছিলেন। নায়ক হিসেবে প্রতিষ্ঠায় প্রথম দিকে কেউই তাকে সাহায্য করেনি এমন কথা বহুবার মান্নার মুখে শোনা গেছে। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে দিনের পর দিন বসে থেকেছেন সুযোগ পাওয়ার জন্য; তখন কেউ সুযোগ দেয়নি। তবে হাল ছাড়েননি। নায়ক হিসেবে সেই মান্নার উত্থান '৯০ এর দশকের শুরুতে। ওই সময় কাজী হায়াত পরিচালিত 'দাঙ্গা', 'ত্রাস', 'চাঁদাবাজ' নামের তিনটি ছবি 'সুপার হিট' হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অন্যান্য ব্যবসাসফল ছবির মধ্যে 'সিপাহী', 'আম্মাজান', 'আব্বাজান', 'বর্তমান', 'কাশেম মালার প্রেম', 'শান্ত কেন মাস্তান', 'প্রেম দিওয়ানা', 'তেজী', 'রাজধানী', 'দুই বধূ এক স্বামী', 'ক্ষমতার গরম' উল্লেখযোগ্য। এরমধ্যে 'আম্মাজান' বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শীর্ষ ব্যবসা সফল ছবি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও শুরু করেছিলেন মান্না। তার প্রথম প্রযোজিত ছবি 'লুটতরাজ'। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- 'মনের সাথে যুদ্ধ', 'স্বামী স্ত্রীর যুদ্ধ', 'লাল বাদশা', 'আব্বাজান'। বর্তমানে মান্না প্রযোজিত 'পিতা মাতার আমানত' এর কাজ চলছিল। ছবিটিতে মান্নার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। প্রথম দিকে চম্পার সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মান্না। দর্শকরাও ওই জুটিকে গ্রহণ করে। এছাড়া দিতি, মৌসুমী ও শাবনূরের সঙ্গেও তার বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৩০৭ঘ.