নাটোর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার রাজারবাগের পীর জিল্লুহুল আলীর অনুসারীদের সঙ্গে নাটোর শহরের উপকণ্ঠে দিয়াড়ভিটা এলাকার বাসিন্দাদের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা তার ৩/৪শ অনুসারীকে নিয়ে রোববার সন্ধ্যার পর পীরের জলসা অনুষ্ঠানের সময় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে কয়েকজন হলেন- আব্দুল আলীম, খন্দকার শাহাদাত হোসেন, সারোয়ার হোসেন ও রুহুল আমিন। এরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পীর সাহেবকে পুলিশ প্রহরায় নাটোর শহরের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। ওখানেই অনুসারীদের নিয়ে তিনি উঠেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ৩/৪শ অনুসারী নিয়ে রোববার সন্ধ্যায় পীর জিল্লুহুল আলী নাটোরের দিয়াড়ভিটা এলাকায় তার ভক্ত শাফিউল ইসলামের বাড়িতে আয়োজিত এক ধর্মীয় জলসায় যান।
সন্ধ্যার পর থেকেই শাফিউল ইসলামের বাড়িতে মাইকে বাজানো হচ্ছিল গজল। এতে স্থানীয় দিয়াড়ভিটা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের অসুবিধার কথা জানানো হলে দুপক্ষের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
মুসল্লিরা মসজিদের মাইকে আহ্বান জানালে হাজার হাজার গ্রামবাসী পীরের অনুসারীদের ঘিরে ফেলে। গ্রামবাসীরা এক পর্যায়ে শাফিউল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তার একটি ঘরের কিছু অংশ পুড়ে যায়। প্রায় ৪০ মিনিট ধরে চলে এ সংঘর্ষ।
খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ পুলিশ, র্যাব, দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
পুলিশ সুপার গোলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশকে না জানিয়েই এ সমাবেশের আয়োজন করেছে তারা। তাই এটি ছিল বেআইনি।"
তিনি আরও বলেন, পীর সাহেবের লোকজন মুসল্লিদের প্রতি উসকানিমূলক মন্তব্য করলে এ সংঘাত শুরু হয়।
দিয়াড়ভিটা জামে মসজিদের ইমাম রুহুল আমিন বলেন, "আমরা নামাজ শুরুর আগে তাদের মাইক না বাজাতে অনুরোধ করেছিলাম। তারা তা শোনেনি। তাছাড়া মাইকে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিতেও শুরু করে।"
জানা যায়, গত দুইদিন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পীর সাহেবের ৩/৪শ অনুসারী শহরের রুখসানা হোটেলে ওঠে। তাদের থাকার স্থান করার জন্য হোটেলের ছাদে সামিয়ানা টানানো হয়।
দেশের নানা স্থান থেকে তারা ১৫/২০টি গাড়ি করে এখানে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১১৩ ঘ.
bdnews24