২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালউদ্দিনের এয়ার মার্শাল পদ কেড়ে নেওয়া অবৈধ: হাইকোর্ট

বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদের এয়ার মার্শাল পদ কেড়ে নেওয়া অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের বেঞ্চ এই রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদের এয়ার মার্শাল পদ কেড়ে নেওয়া অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের বেঞ্চ এই রায় দেয়। রায়ে বলা হয়, "কোনো প্রকার নিয়মনীতি অনুসরণ না করে এবং কারণ দর্শানোর নোটিশ না দিয়ে জামালউদ্দিন আহমেদের 'এয়ার মার্শাল' পদ কেড়ে নেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও অবৈধ।" রায়ের প্রতিক্রিয়ায় জামালউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটা বৈধ সরকারের বৈধ আদেশ পরবর্তী সরকার এসে বাতিল করা বড় ধরণের অনিয়ম। হাইকোর্টের রায়ে সেই অনিয়মের প্রতিকার পেয়েছি। ন্যায়বিচার পাওয়ায় আমি খুবই আনন্দিত।" আওয়ামী লীগ সরকার আমলে ২০০১ সালের ৩ জুন জামালউদ্দিন আহমেদকে এয়ার ভাইস মার্শাল পদ থেকে এয়ার মার্শাল পদে উন্নীত করা হয়। ওই তারিখেই তিনি বিমান বাহিনী প্রধানের পদ থেকে অবসরে যান। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলে ২০০৪ সালের ১৭ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আদেশে জামালউদ্দিন আহমেদের এয়ার মার্শাল পদোন্নতি আদেশ বাতিল করে। ওই আদেশের বৈধতা নিয়ে জামালউদ্দিন ওই বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওইদিনই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে। জামালউদ্দিন বিএনপি সরকারের আমলেই, ১৯৯৫ সালের ৪ জুন ৪ বছরের জন্য বিমান বাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী আওয়ামী লীগ সরকার তার মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে দেয়। জামালউদ্দিন আহমেদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এএফএম মেজবাহউদ্দিন আহমেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৪০ ঘ.