২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ হস্তান্তর, চাল দেওয়ার অনুমতি মেলেনি

পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ত্রাণসামগ্রী শনিবার বেনাপোলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় ত্রাণ হিসেবে দেওয়া ১০১ ট্রাকভর্তি চাল প্রবেশ করতে পারেনি। ট্রাকগুলো বেনাপোলের ওপারের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

যশোর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ত্রাণসামগ্রী শনিবার বেনাপোলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় ত্রাণ হিসেবে দেওয়া ১০১ ট্রাকভর্তি চাল প্রবেশ করতে পারেনি। ট্রাকগুলো বেনাপোলের ওপারের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে। ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আসা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ত্রাণের চাল বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে না পেরে তিনি খুবই দুঃখিত। বিষয়টি কেন্ত্রীয় সরকারকে জানানো হয়েছে। এ নিয়ে জটিলতা রোববার বা সোমবারের মধ্যে কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েই বাংলাদেশে সিডরে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহের কাজ শুরু করা হয়। এটি এখন বাংলাদেশের কাছে তুলে দিতে আর কোনো বাধা থাকবে না।" বেনাপোল বন্দরে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ত্রাণসামগ্রী গ্রহণ করতে আসা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল বারী খান জানান, ত্রাণসামগ্রী হস্তান্তর সম্পন্ন হলেও ভারত সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত ত্রাণের চাল পাওয়া যায়নি। তবে এই সমস্যা সাময়িক বলে তিনি জানান। আমাদের যশোর প্রতিনিধি ও বেনাপোল সংবাদদাতা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ঘর্ণিঝড় সিডর-এ ক্ষতিগ্রস্তদের জন্য ১১১ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর উপলক্ষে বেনাপোল কাষ্টমস হাউস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল বারী খান এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আবুয়াল হোসেন। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, গায়ক সমর পাল, সুচিত্রা মিত্র ও চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইউনুছুর রহমান, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল কাফি, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার জাকির হোসেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়া। ত্রাণসামগ্রীর মধ্যে আছে ১ হাজার ১০ মেট্রিক টন চাল (১০১টি ট্রাক), ৫০ মেট্রিক টন গম (পাঁচ ট্রাক) ৭৫০টি পিস কম্বল (তিন ট্রাক), ১০ হাজার পিস শাড়ি (এক ট্রাক) এবং তিন হাজার পিস মশারি (একটি ট্রাক)। ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে সুভাষ চক্রবর্তী বলেন, "এটা কোন সাহায্য নয়, এটা ভ্রাতৃপ্রতিম বন্ধুদের জন্য কয়েক ফোঁটা চোখের জল। সামাজিক দায়বদ্ধতার জন্য এই সাহায্য। এপার বাংলার মানুষের আবেগ, ভালবাসা আর বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশের স্মারক নিয়ে এসেছি আমরা।" তিনি আরও বলেন, "বাংলাদেশ সরকারের অনমোদন পেলে সিডরে বিধ্বস্ত এলাকায় এক হাজার ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব।" অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল বারী খাঁন দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য ভারতের সঙ্গে একযোগে কাজ করার কথা বলেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার পক্ষ থেকে ভারত সরকারকে অভিনন্দন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.