২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোডম্যাপ অনুসারে গণতন্ত্রে উত্তরণে কাজ করছে সরকার: মতিন

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বলেছেন, "জনগণের আকাঙ্খা অনুযায়ী একটি নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে গণতন্ত্র উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বলেছেন, "জনগণের আকাঙ্খা অনুযায়ী একটি নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে গণতন্ত্র উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে।" তিনি বলেন, "দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে। সরকারী প্রতিষ্ঠানগুলোও পুনর্গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন ও স্বতন্ত্র করার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসার পর পূর্বের মতো এসব প্রতিষ্ঠানকে কলুষিত করতে না পারে।" শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম মতিন এ কথা বলেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি দমনে ব্যাপক অগ্রগতি ও সাফল্য এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিদেশী বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের রেমিটেন্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। খুব শিগগিরই ভোক্তা অধিকার আইন ও তথ্য জানার অধিকার আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক অবস্থায় কারও মৃত্যৃর কাম্য হতে পারে না উল্লেখ করে এম এ মতিন বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সর্তকর্তামূলক ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, জনগণ এখনও যথেষ্ট সেবা পাচ্ছে না, তারা যেন আশানুরূপ সেবা পান তা নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হলেও কৃষকদের মধ্যে নিরবিচ্ছিন্ন সেচ ব্যবস্থা চালুর ব্যবস্থা করার নির্দেশ দেন উপদেষ্টা। সিলেট বিভাগীয় কমিশনার আজিজ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি আব্দুস সালাম, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদসহ সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮৪৪ ঘ.