সাভার, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আনন্দপুর মহল্লার একটি সিএনজি ফিলিং স্টেশনে শনিবার দুপুরে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
ফিলিং স্টেশনের কর্মীরা জানান, গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে সিএনজি ষ্টেশনের তিনটি মেশিনের যন্ত্রাংশ উড়ে গেছে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে স্টেশন কাউন্টারের কাচ।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রফিক (২৩)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চইট্টা গ্রামের হাশমতের ছেলে। রফিক ওই ট্রাকের শ্রমিক ছিলেন।
আহতদের স্থানীয় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গেন্ডা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফিলিং স্টেশনের কর্মী সুশান্ত এনাম মেডিকেলে চিকিৎসাধীন। অপর কর্মী সোহাগকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম নামে ট্রাকের একজন হেলপার গেন্ডা ক্লিনিকে চিকিৎসাধীন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদের মধ্যে ট্রাক চালক ও হেলপার থাকতে পারেন।
এনার্জি প্লাস লিমিটেড নামের ওই সিএনজি ফিলিং ষ্টেশনের কর্মী মো. শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১টার দিকে সাদিয়া নামের একটি খালি ট্রাকে (খুলনা মেট্রো-ট-০২-০২৫৪) ও একটি অটোরিকশায় (ঢাকা মেট্রো-থ-০৩-১১৫৬) গ্যাস দিচ্ছিলেন সোহাগ ও সুশান্ত নামের তিন কর্মচারী। এ সময় হঠাৎ বিকট শব্দে ট্রাকের তিনটি সিলিন্ডারের একটি বিস্ফোরিত হয়।
তিনি জানান, বিস্ফোরণের শব্দে কেপে উঠে পুরো সিএনজি ষ্টেশন। তিনটি সিএনজি ফিলিং মেশিনের যন্ত্রাংশ উড়ে গেছে। ভেঙে চূর্ণ হয়ে গেছে স্টেশন কাউন্টারের কাচ। সিলিন্ডারের খণ্ড বিখণ্ড টুকরোর আঘাতে স্টেশনের দেয়াল ছিদ্র হয়ে গেছে। বিস্ফোরণে ট্রাকে থাকা একজন শ্রমিক ছিটকে পড়েন। তার হাত-পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে ৪০/৫০ ফুট দূরে গিয়ে পড়ে।
মো. শরীফ জানান, পুলিশ ও দমকল কর্মীদের সহায়তায় আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিস্ফোরণে স্টেশনের কর্মচারী সোহাগ (২৪) ও সুশান্ত (২১) আহত হয়েছেন।
বিস্ফোরণের সময় স্টেশনে কর্মরত প্রকৌশলী জিয়াউল ইসলাম বলেন, "বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর ধোঁয়ায় পুরো স্টেশন অন্ধকার হয়ে যায়। দ্রুত আমি সমস্ত মেশিন বন্ধ করে দেই।"
অপর প্রকৌশলী মমিনুর রহমান জানান, নিম্ন মানের সিলিন্ডার ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কারণ গ্যাসের চাপ নিতে না পেরে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহত তিনজন এখানে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন আড়াইটার দিকে মারা যান। আরেক জনের অবস্থাও আশংকাজনক। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যব্যরত চিকিৎসক ডা. মজিবুর রহমান জানান, দুপুর পৌনে ২টার দিকে দমকল কর্মীরা প্রথমে আহত একজনকে এখানে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আহত রফিককে আনা হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে জানান। এর আগে রফিককে গেন্ডার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24