ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহানগরীর স্থানীয় নির্বাচনে (সিটি করপোরেশন) ভোট দিতে কারাবন্দীদের জন্য ভোটকেন্দ্র স্থাপনের চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের ছবিসহ ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রমের শেষ দিন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "এ চত্বরে ভোটকেন্দ্র করার চিন্তা-ভাবনা রয়েছে আমাদের। জেলকোড বাধা না হলে তা করা হবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারাকর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রজ্ঞাপন জারি করা যায় কিনা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।"
এম সাখাওয়াত হোসেন বলেন, "ভোটকেন্দ্র স্থাপন করা হলে ঢাকা মহানগরীর কারাবন্দী ভোটাররা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবে কারাগারেই বসেই। আর ঢাকা জেলাভুক্ত মহানগরীর বাইরের ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে।"
এসময় ব্রিগেডিয়ার জেনারেল এম ডি আব্দুল হাকিম আজিজ, কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী, জেল সুপার গোলাম হায়দার, জেলা নির্বাচন অফিসার (ঢাকা-১) নওয়াবুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, "সব নাগরিকের ভোটাধিকার রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বন্দীদের ভোটার করা খুব জরুরি।"
বৃহস্পতিবার থেকে প্রথম পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছবিসহ ভোটার তালিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
সাখাওয়াত হোসেন আরও বলেন, "রোববার থেকে হাসপাতালে অসুস্থ রোগী এবং প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধদের ভোটার তালিকাভূক্ত করতে মোবাইল টিম যাবে।"
তিনি বলেন, "জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই প্রার্থীকে দেশের যে কোনো স্থানে ভোটার হতে হবে। আর স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হবে।"
বিশেষ কারাগারে বন্দী দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এ মাসের মধ্যেই ভোটার নিবন্ধন করা হবে বলে জানান এম সাখাওয়াত হোসেন।
ভোটার তালিকার নিবন্ধন কাজে সম্পৃক্ত মেজর মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম পর্যায়ে ঢাকা জেলার বন্দীর নিবন্ধন শেষ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অন্যান্য জেলার ভোটারদের নিবন্ধন করা হবে।
উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাগারে ঢাকা জেলার ৩১১৮ জনের নিবন্ধন শেষ হচ্ছে। এরমধ্যে ১৪ ফেব্র"য়ারি ১০২৩ জন, ১৫ ফেব্র"য়ারি ১০৭৯ জন এবং আজ (শনিবার) বাকি ১০১৬ জনের নিবন্ধন শেষ হবে। নিবন্ধন কাজে ২৪টি করে ল্যাপটপ ও ওয়েব ক্যামেরা এবং ২৭টি স্ক্যানার ব্যবহৃত হচ্ছে।
এদিকে বিএনপি'র সঙ্গে সংলাপ ইস্যুতে খালেদা জিয়ার পাঠানো চিঠির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, "গণমাধ্যমে প্রচারিত বক্তব্য নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না।। যতক্ষণ পর্যন্ত না চিঠি হাতে আসে ততক্ষণ পর্যন্ত কোন বক্তব্য দেবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমএ/১৫৩৫ ঘ.