১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান

“তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন,” লিখেছেন সিলেট-৬ আসনের এই সংসদ সদস্য।

প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান
সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। ছবি: এমরান আহমদ চৌধুরীর ফেইসবুক

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 08:39 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়ে তার কথামতো ‘সাথে সাথেই’ সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা বলেছেন এমরান আহমদ চৌধুরী।

বুধবার নিজের ফেইসবুকে এ কথা বলেছেন সিলেট-৬ আসনের এই সংসদ সদস্য।

সংসদ ভবনে বসে থাকার কয়েকটি ছবিও ফেইসবুক পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। 

এমরান লিখেছেন, “বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।”

তিনি আরও লেখেন, “তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। 

“এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।”

বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি।

বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী তাদের সংসদ অধিবেশনের কথা স্মরণ করিয়ে দেন এবং সংসদে যোগ দিতে বলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল। তবে প্রধানমন্ত্রী সিলেট হয়ে মৌলভীবাজারের কর্মসূচিতে থাকায় এদিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও সদর উপজেলায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণের পাশাপাশি গাছের চারা রোপণ করেন তিনি।