ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাঁদ আলী বিশ্বাসকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হোসাইন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদ আলী বিশ্বাস বৃহস্পতিবার সরকারি খাদ্য গুদাম থেকে ৭৮ বস্তা ভিজিডির চাল তুলে কিছু চালা আত্মসাত করেন। বাকী চাল ইউনিয়ন পরিষদ গুদামে রাখেন। আত্মসাতের অভিযোগ শুনে তিনি গুদামে রাখার চালের হিসাব নিয়ে দেখেন তিন বস্তা কম আছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার আগে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান এখন থানা হাজতে আছেন। তদন্ত চলছে।
চেয়ারম্যান সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24