ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে প্রতি ১৫ দিন পর পর আমদানিকারকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবে সরকার। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার জানিয়েছেন, ভোজ্য তেল নিয়ে দেশের কোথাও যাতে অস্থিরতা সৃষ্টি না হয় সে ব্যবস্থাও সরকার নেবে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়।
বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমদানিকারকদের সঙ্গে প্রতি ১৫ দিন অন্তর বৈঠকে বসে তেলের দাম, সরবরাহ ও চাহিদাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে।"
তিনি বলেন, "ভোক্তা স্বার্থের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থও আমাদের দেখতে হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। দেশের কোথাও যাতে ভোজ্য তেল নিয়ে অস্থিরতা সৃষ্টি না হয় সে ব্যবস্থাও করবে সরকার।"
বর্তমানে তেলের মজুদ সন্তোষজনক উল্লেখ করে হোসেন জিল্লুর বলেন, "উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভোজ্য তেলের সরবরাহ যাতে অব্যাহত থাকে সে চেষ্টা আমরা করছি। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।"
বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ী প্রতিনিধি আব্দুর রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, "পাইকারী ব্যবসায়ীরা মিলগেট থেকে যে দামে তেল কেনে খুচরা বিক্রেতাদের কাছে তার চেয়ে মনপ্রতি ৪০ টাকা বেশি দামে তা বিক্রি করে থাকে। খুচরা বিক্রেতারা বাজারে কতো দামে তেল বিক্রি করবে তা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।"
তেলের বোতলের গায়ে সর্বনিু খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকলে ওই তেল না কেনার জন্য ভোক্তাদের পরামর্শ দেন আব্দুর রউফ।
অন্যদের মধ্যে বাণিজ্য সচিব, এনবিআরের চেয়ারম্যান, বিডিআরের ডিজি ও ব্যবসায়ী নেতারা এ বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/এমএ/১৮১১ঘ.
bdnews24