২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডাকাত পুলিশ'র বিচার দাবিতে চট্টগ্রামের আদালতে স্লোগান

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তিন পুলিশ সদস্যের বিচার দাবিতে বুধবার চট্টগ্রামের আদালত ভবন প্রাঙ্গণে পাঁচ শতাধিক জনতা জড়ো হয়ে স্লোগান দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তিন পুলিশ সদস্যের বিচার দাবিতে বুধবার চট্টগ্রামের আদালত ভবন প্রাঙ্গণে পাঁচ শতাধিক জনতা জড়ো হয়ে স্লোগান দিয়েছে। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার আবু সালেহ মো. মোফাজ্জল হক এবং দুই কনস্টেবল এহসানুল ইসলাম ও আব্দুর রউফকে দুই দিন রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। ওই সময় জনতা 'ডাকাত পুলিশের বিচার চাই', 'রক্ষককে ভক্ষক হিসাবে চাই না', 'চোর চোর-ডাকাত ডাকাত' বলে স্লোগান দেয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, রিমান্ড শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে আদালতে আনা হচ্ছে- এ খবর পেয়ে বিপুল সংখ্যক মানুষ আদালত এলাকায় জড়ো হয়। তারা পুলিশের প্রতি ঘৃণাও প্রকাশ করে। তবে পুলিশ কর্মকর্তা নুরুল আলম মনে করেন, অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভাবমূর্তি বেড়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রমাণ করেছি, অন্যায় যেই করুক না কেন তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হয়েও ছাড় পাননি। এটা প্রমাণ করে, অপরাধ দমনে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে।" শনিবার রাতে নগরীর মেহেদীবাগের আমিরাবাদ এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির অভিযোগে রোববার রাতে এক পুলিশ কর্মকর্তা ও দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৫৭ ঘ.