ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটি টাকা চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা শেখ হেলাল ও তার সহযোগী মুন্সি সাইদুজ্জামানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার যুগ্ম মহানগর দায়রা জজ (ষষ্ঠ) আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম এই রায় দেন।
মামলার অপর তিন আসামি শাহীন চাকলাদার, খোরশেদ আলম, এএইচএম কামাল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এদের মধ্যে মুন্সি সাইদুজ্জামান জামিনে রয়েছেন। শেখ হেলালসহ বাকিরা পলাতক।
শেখ হেলাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই।
ঠিকাদার প্রতিষ্ঠান আরসিএল এর প্রকল্প সমন্বয়কারী মমতাজ উদ্দিন ২০০৭ সালের ২১ মে কাফরুল থানায় এ মামলা দায়ের করেন। এতে আসামিদের বিরুদ্ধে এক কোটি দুই লাখ ৪০ হাজার চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, ২০০০ সালের ৮ মে বাদি মমতাজ উদ্দিন দরপত্রের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের একটি কাজ পান। ওই সময় আসামি সাইদুজ্জামান বাদিকে হুমকি দেন, শেখ হেলালকে চাঁদা না দিলে ওই কাজটি করতে দেওয়া হবে না। বাদি তখন বাধ্য হয়ে ৮৭ লাখ ৯০ হাজার টাকা নগদ এবং বাকি টাকা চেকের মাধ্যমে শেখ হেলাল ও তার সহযোগীদের দেন।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার পর গত বছরের ৩১ জুলাই শেখ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/১৪৩৩ঘ.
bdnews24