ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিশ্চিত হওয়ার পর রোববার রাতে বগুড়া, গাজীপুর ও গাইবান্ধায় ১০ হাজারের বেশি হাঁস-মুরগি নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে প্রায় ৩৫ হাজার ডিম। (আরও তথ্যসহ)
এর মধ্যে বগুড়ার সাহজাহানপুর উপজেলার খোট্টপাড়া ইউনিয়নে একটি মুরগি খামার ও আশপাশের এলাকার পাঁচ হাজার মুরগি-হাঁস ও কবুতর নিধন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদী গ্রামের একটি খামার ও আশপাশের এলাকায় নিধন করা হয় পাঁচ হাজারের বেশি মুরগি, হাঁস ও কবুতর। এছাড়া সেখানে ৯ হাজার ৫৬৪টি ডিম ধ্বংস করা হয়েছে। গাইবান্ধায় ধ্বংস করা হয় ২৫ হাজার ডিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিশ্চিত হওয়ার পর সাহজাহানপুর উপজেলার খোট্টপাড়া ইউনিয়নে রোববার রাতে একটি মুরগি খামার এবং আশপাশের এলাকার পাঁচ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল গফুর জানান, রাত ১০টা থেকে ৪টা পর্যন্ত এই নিধন অভিযান চলে।
তিনি জানান, ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের মোল্লা পোলট্রি ফার্মের মুরগি মারা যাওয়ার পর গত রোববার পরীক্ষার জন্য জয়পুরহাট আঞ্চলিক রোগ নিরূপণ পরীক্ষাগারে (এফডিআইএল) পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু সন্দেহ হলে আরও পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে ঢাকা থেকে একটি প্রতিবেদন পাঠানো হয়। বগুড়া জেলা প্রশাসক ও জেলা পশুসম্পদ কর্মকর্তা রোববার রাত ৮টার দিকে প্রতিবেদনটি হাতে পান। রাতেই ওই খামার ও তার আশপাশের এলাকায় নিধন অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তারা।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস, সাহজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দীক উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আব্দুল গফুর ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হাই নিধন অভিযানের সময় উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি জানান, কালিয়াকৈরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু-র সংক্রমণ নিশ্চিত হওয়ার পর শিলামণি পোলট্রি খামার ও এর আশপাশের এলাকার বিভিন্ন বাড়ির চার হাজার ৪২৮ টি মুরগি ৪২৫ টি হাঁস, ৩২৭ টি কবুতর নিধন এবং ৯ হাজার ৫৬৪টি ডিম ধ্বংস করা হয়েছে।
গাজীপুর পশুসম্পদ কর্মকর্তা ডা. কফিলউদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ ফেব্র"য়ারি থেকে শনিবার পর্যন্ত বলিয়াদী গ্রামের শিলামণি খামারে সাত'শ মুরগি মারা যাওয়ার খবর পেয়ে পশুসম্পদ কার্যালয় মৃত মুরগির নমুনা প্রথমে ঢাকা কেন্দ্রীয় পশুসম্পদ গবেষণা কেন্দ্র ও পরে সাভারের বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআর আই) পাঠায়। পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোববার রাত থেকে শিলামণি খামার ও এর আশপাশের এক কিলোমিটার এলাকার বাড়ি ঘরের হাঁস-মুরগি, কবুতর নিধন ও ডিম ধ্বংস করা হয়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা জানান, বার্ড ফ্লু মোকাবেলা করতে জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, আপাতত গাজীপুরে মুরগি আনা নেওয়া বন্ধ রাখা হবে।
পোলট্রি রাজধানী হিসাবে পরিচিত গাজীপুরে এ দফায় বার্ড-ফ্লু সংক্রমণের ঘটনা এটিই প্রথম।
শিলামণি খামারের মালিক আব্দুল হালিম মিয়া বলেন, মুরগি নিধন করায় অনেক ক্ষতি হয়েছে। তিনি এই ক্ষতি স্বীকার করছেন সবার স্বার্থে।
তিনি বলেন, "এছাড়া তো কিছু করারও নেই।"
গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোলাপবাগ বাজারের মুরগি ও ডিম বিক্রেতাদের অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত তিনশ মুরগি নিধন ও ২৫ হাজার ডিম সোমবার নষ্ট করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান জানান, সোমবার সকালে গোলাপবাগ বাজার সংলগ্ন সরকারি পতিত পুকুরে কিছু মরা মুরগি ফেলে দেয়া হয়। এই মরা মুরগির নমুনা সংগ্রহ করে গাইবান্ধা আঞ্চলিক পশুরোগ গবেষণাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর অ্যাভিয়্যান ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে নিশ্চিত করা হয়।
এরপর সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত, যৌথবাহিনী এবং জেলা ও উপজেলা পশু সম্পদের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা মিলে গোলাপবাগ বাজারের মুরগি ব্যবসায়ী সাইদুর রহমান ভুট্টু ও জুয়েল মিয়ার তিনশ মুরগি নিধন করা হয় এবং বাজারের ছোট বড় প্রায় ২৯টি দোকানের ২৫ হাজার ডিম নষ্ট করে মাটিতে পুতে ফেলে রাখে।
গোবিন্দগঞ্জ উপজেলা পশু সম্পদ কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির আল আসাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24