২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে 'সাইফুর রহমান শিশু পার্কে'র নাম পরিবর্তনের দাবি

সিলেটে বাস্তবায়নাধীন 'সাইফুর রহমান শিশু পার্ক' এর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সিলেট, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বাস্তবায়নাধীন 'সাইফুর রহমান শিশু পার্ক' এর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। রোববার শিশুপার্কের কয়েকটি কাজের দরপত্র আহ্বানে সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি প্রকাশের তারা এর প্রতিক্রিয়া জানায়। তারা বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া ওই নামকরণ বাতিল করা দরকার। তবে সিটি কর্পোরেশন বলছে, এটি মন্ত্রণালয় অনুমোদিত প্রকল্প। এ বিষয়ে তাদের কিছু করার নেই। সিলেট নগরীর আলমপুরে ওই শিশুপার্কটি নির্মাণ করা হচ্ছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ প্রকল্প অনুমোদিত হয়। বাস্তবায়নাধীন ওই প্রকল্পে এখন শুধু দেয়াল নির্মাণ ও পার্কের আনুষঙ্গিক কাজের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তির পর 'হুমায়ুন রশীদ চৌধুরী ফাউন্ডেশন'র সিলেট শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনসহ সংগঠনের নেতারা সোমবার এক বিবৃতিতে প্রকল্পের নাম পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, জনগণের করের টাকায় কোনও জীবিত ব্যক্তির নামে প্রতিষ্ঠান গড়ে তোলা সমীচীন নয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার আহবায়ক আজিজ আহমদ সেলিম ও সদস্য সচিব আ স ম বাসেদ এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার অনেক কিছুর পরিবর্তন করতে পারলে প্রকল্পের নাম কেন পরিবর্তন করতে পারবে না। তারা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া ওই প্রকল্পের নাম পরিবর্তনের দাবি জানান। প্রকৌশলী নূর আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটা মন্ত্রণালয়ের অনুমোদিত প্রকল্প। ২০০৫ সালের অক্টোবরে এ প্রকল্পে প্রথমে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৬-০৭ সালে ৪ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। মোট ১৭ কোটি টাকার এ প্রকল্পে ইতোমধ্যে মাটি ভরাটসহ বিভিন্ন কাজে ১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। এখন শুধু দেয়াল নির্মাণ ও পার্কের আনুষঙ্গিক কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে কি না- এ প্রশ্নে আজিজুর রহমান বলেন, "নাম যাই হোক, শিশুদের চিত্ত-বিনোদনের জন্য এটা জরুরি।" সিলেটের ভারপ্রাপ্ত মেয়র আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা মন্ত্রণালয়ের প্রকল্প, একনেকে পাস হয়ে এসেছে। নাম পরিবর্তনের কোনও এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই। সরকার চাইলে তা পরিবর্তন করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.