খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামগড়-ফেনী প্রধান সড়কের কয়লা এলাকায় রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে পাহাড়ের নিচে পড়ে গেলে চালকসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী।
নিহত চালকের নাম মো. আমিনুল (৩৫)। অপর দুজনের মধ্যে একজন মহিলা ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- কালাম (৩০), ছকিনা (৩০), শরিফুল (৩৫), সেলিম (২৯) ও মঞ্জুয়ারা (২০)।
আহত অপর ২০ জনকে মিরসরাই ও ফেনীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার খন্দকার লুৎফুর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাব্বী নামের একটি বাস রামগড় থেকে ফেনী যাওয়ার সময় কয়লা এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক, একজন মহিলা ও এক শিশু মারা যায়। আহত হয় ৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24