ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন ও রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ তাকে নিশ্চয়তা দিয়েছেন।
শনিবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর বাসায় এক সংবাদ সম্মেলনে মিলিব্যান্ড চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের আন্তরিকতারও প্রশংসা করেন।
তিনি বলেন, "সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা ও রাজনীতি থেকে দূরে থাকার বিষয়টিতে তিনি (জেনারেল মইন উ আহমেদ) দৃঢ় প্রতিশ্র"তিবদ্ধ।"
জরুরি অবস্থা তুলে নেওয়ার সুনির্দিষ্ট সময় সরকার না বললেও 'বাস্তবতার' ভিত্তিতে যত দ্রুত সম্ভব তা প্রত্যাহারের প্রতিশ্র"তি পাওয়া গেছে বলে জানান তিনি।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী দু'দিনের সফরে শুক্রবার দুপুরে বাংলাদেশে আসেন। শনিবার রাতেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।"
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ডেভিড মিলিব্যান্ড শনিবারই প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে কথা বলেন।
শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিচার প্রক্রিয়ার বিষয়ে ডেভিড মিলিব্যান্ড বলেন, "ভয় অথবা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতার সঙ্গে সমাজের যে কারো ক্ষেত্রে আইনের প্রয়োগ হতে পারে। আমার মনে হয় বার্তাটি সবার কাছে পৌঁছেছে।"
তিনি বলেন, "সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান ও স্থিতিশীল গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐক্যমত্যের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের ইতিবাচক সাড়ার প্রত্যাশা করছি আমরা।"
সরকার ও রাজনৈতিক দলের সংলাপের ওপর জোর দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "চলতি বছর শেষ হওয়ার আগে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপকে ব্রিটেন সমর্থন করে। এছাড়া, তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সংলাপ আয়োজনকেও আমরা উৎসাহ দিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/এসকে/২২১৬ঘ.
bdnews24