২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুরগি বিক্রি কমে গেছে, বেড়েছে মাছ ও মাংসের দাম

নগরীর বাজারগুলোতে মুরগি ও ডিম বিক্রি কমে গেছে। ক্রেতারা ভিড় করছেন মাছের বাজারে। এ সুযোগে বিক্রেতারা সামুদ্রিক ও মিঠাপানির মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া বাজারে গরু ও খাসীর মাংসের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। শুক্রবার সকালে নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাজারগুলোতে মুরগি ও ডিম বিক্রি কমে গেছে। ক্রেতারা ভিড় করছেন মাছের বাজারে। এ সুযোগে বিক্রেতারা সামুদ্রিক ও মিঠাপানির মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া বাজারে গরু ও খাসীর মাংসের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। শুক্রবার সকালে নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। চট্টগ্রামে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর থেকে মুরগি কেনার ব্যাপারে ক্রেতারা সতর্ক। তারা গরু ও খাসীর মাংস এবং মাছ কিনছেন। ফলে নগরীর বাজারগুলোতে মাছ, খাসী ও গরুর মাংসের দাম বাড়তির দিকে বলে জানালেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই। রেয়াজুদ্দিন বাজারে মাছ কিনতে আসা প্রকৌশলী হোসেন শহীদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সপ্তাহ আগেও ১২০ টাকা কেজি দরে রুই মাছ নিয়েছি। আজ (শুক্রবার) সেই মাছ কিনছি ১৪০ টাকা দরে। ক্রেতারা মুরগি না কিনে মাছ কেনার প্রতি আগ্রহী হওয়ায় বিক্রেতারা ইচ্ছে মত দাম নিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি(বড়) রুই মাছ ১২০ টাকায় বিক্রি হতো সেখানে শুক্রবার সকালে নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারে বিক্রি হয়েছে ১৪০ টাকায়। এছাড়া বড় আকারের কাতলা ২০ টাকা বেড়ে ১৭০ টাকায়, রূপচান্দা(বড়) ৩০ টাকা বেড়ে সাড়ে তিন'শ টাকা, রূপচান্দা ছোট ১০ টাকা বেড়ে ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি হাড় ছাড়া গরুর মাংস ২০ টাকা বেড়ে ২৩০ টাকা, হাড়সহ ১৮০ টাকা, খাসীর মাংস ২০ টাকা বেড়ে ৩২০ টাকা এবং ছাগল(সেমি) ২০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। মাছ বিক্রেতা বাসুদেব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার্ড ফ্লুর কারণে ক্রেতারা মুরগি না কিনে বেশি পরিমাণে মাছ কিনছেন। সরবরাহের তুলনায় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। মাছের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলেও মুরগি ও ডিমের দোকানে ভিড় একেবারে নেই। একদিকে বিক্রি কমে গেছে অন্যদিকে কমে গেছে দাম। তবে ডিমের দাম কমেনি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ার আগে একটি দোকানে গড়ে ৪০ হাজার টাকা বিক্রি হলেও কয়েক দিনে তা ছয় হাজার টাকায় নেমে এসেছে। রেয়াজুদ্দিন বাজারের মুরগি বিক্রেতা আবদুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লুর পর থেকে বিক্রি কমে যাওয়ায় ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। যে টাকা দিয়ে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে তারা মুরগি কিনছেন তা কোনভাবে উঠে আসছে না। খামারের মুরগি কেজি প্রতি ৫ টাকা কমে ৭৫ টাকা এবং দেশি মুরগি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন বাজারের পাইকারি ডিম বিক্রেতা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে যেখানে প্রতিদিন গড়ে আড়াই হাজারেরও বেশি ডিম বিক্রি হতো। বর্তমানে তা বার'শ থেকে দেড় হাজারে নেমে এসেছে। ডিম বিক্রি কমলেও দাম না কমার কথা তিনি স্বীকার করেন। লোকসান দিতে চান না ব্যবসায়ীরা। ফলে বিক্রি কমলেও কম দামে তারা ডিম ছাড়তে রাজি নন। রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারে খামারের মুরগির ডিম প্রতি শ' ৩৭০ থেকে ৩৮০ টাকা, হাঁস ৪৮০ থেকে ৫০০ এবং দেশি মুরগির ডিম ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। মাছ-মাংসের দাম বাড়লেও বাজারে চাল-তেলসহ অন্যান্য ভোগ্যপণ্য এবং সবজির দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজের দাম প্রতি কেজিতে চার টাকা কমে ১৪ টাকায় বিক্রি হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় বেতি চাল(আতপ) প্রতি কেজি ২৯ টাকা, পারি আতপ ৩১ টাকা, মিনিকেট ৩৩ টাকা, পারি সিদ্ধ ৩২ টাকা, বালাম সিদ্ধ ১ টাকা কমে ৩০ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৫ টাকা, জিরাশাইল ৩৮ টাকা, নাজিরশাইল ৩৯ টাকায় বিক্রি হচ্ছে। সবজির মধ্যে আলু প্রতি কেজি ১৪ টাকা, টমেটো মানভেদে ১৪ থেকে ১৮ টাকা, বেগুন ১৪ থেকে ১৫ টাকা, ফুলকপি ২ টাকা বেড়ে ১৪ থেকে ১৬ টাকা, বাঁধাকপি ৭ টাকা, মুলা ৫ টাকা, শালগম ১২, শিম ২ টাকা বেড়ে মানভেদে ১৬ থেকে ১৮ টাকা, করলা ২৬ টাকা, বরবটি ২৬ টাকা, পেঁপে ১০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি কাঁচামরিচ ২০টাকায় বিক্রি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫২৭ ঘ.