২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরি আর বাঁচি, যথা সময়ে নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আবারো জোর দিয়ে বলেছেন, চলতি বছরের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। তিনি বলেন "মরি আর বাঁচি, যথা সময়ে নির্বাচন আমাদের করতেই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আবারো জোর দিয়ে বলেছেন, চলতি বছরের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। তিনি বলেন "মরি আর বাঁচি, যথা সময়ে নির্বাচন আমাদের করতেই হবে।" বৃহস্পতিবার বিকেলে কমিশন কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে মতবিনিময়ের সময় সংগঠনের নেতারা নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করলে সিইসি এ কথা বলেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "নির্বাচন কমিশন সংসদ নির্বাচন অনুষ্ঠান দু'বছর পিছিয়ে দেওয়ায় আদৌ তা হবে কি না- তা নিয়ে সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে। আপনারা (ইসি) নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করুন; তাহলে সংশয় দূর হবে।" জবাবে সিইসি বলেন, "সারাদেশে ছবিসহ ভোটার তালিকা হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আইন অনুযায়ী তফসিল ঘোষণা করা হলে প্রার্থীদের ভোটার তালিকা দিতে হবে। যেখানে ভোটার তালিকা হয়েছে, সেখানে আমরা এপ্রিলের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন করব।" নির্বাচন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই- জানিয়ে তিনি বলেন, "২০০৮ সালের মধ্যে নির্বাচন করতেই হবে। এর ওপর নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নির্ভর করছে। প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন, 'নো টার্নিং ব্যাক।' মরি আর বাঁচি, যথা সময়ে নির্বাচন আমাদের করতেই হবে।" সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ১৪ সদস্যের পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃত্ব দেন। সাংবাদিকদের উপস্থিতিতে ওই মতবিনিময় সভায় দুই নির্বাচন কমিশনার- মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনও অংশ নেন। শামসুল হুদা বলেন, "অনেকে জানতে চান, ছবিসহ ভোটার তালিকা করতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হলো কেনো? ১৯৯৫ সালে বেসরকারি প্রতিষ্ঠানকে ভোটার পরিচয়পত্রের কাজ দিয়ে ১৯৮ কোটি অপচয় করা হয়েছে। আমাদের তো কাজটা (ছবিসহ ভোটার তালিকা) উদ্ধার করতে হবে। তাছাড়া আমাদের লোকবলেরও অভাব রয়েছে।" নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ করতে গিয়ে কমিশন নির্বাচনের মূল কাজ থেকে পিছিয়ে পড়বে, ইকবাল সোবহান চৌধুরী এমন আশঙ্কার জবাবে সিইসি বলেন, "আদমশুমারী প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এটি করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। গ্লোবাল ইনফর্মেশন সিস্টেম ব্যবহার করে দুই থেকে একমাসের মধ্যে সীমানা নির্ধারণ করা সম্ভব। এরপরও নির্বাচন দেরির ক্ষেত্রে ভূমিকা রাখলে সীমানা নির্ধারণের বিষয়টি আমরা আবার ভেবে দেখব।" মতবিনিময় সভা শেষে ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে সারাদেশে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। এতো দিনেও ভোটার তালিকা হয়নি।" মতবিনিময় সভায় পেশাজীবী সমন্বয় পরিষদ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএইচবি/২০৫৪ ঘ.