মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকদের ক্ষমতা খর্ব করে উপচার্যদের নির্বাহী প্রধান করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ সংক্রান্ত আইন আগামী মার্চ মাসে অধ্যাদেশ আকারে জারি হতে পারে।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে। আশা করছি মার্চ মাসের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে পাস হবে।"
আইনটি অনুমোদন হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম কমবে বলে তিনি দাবি করেন।
দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ^বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে হাতেগোনা কয়েকটি বাদে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার খারাপ মানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
২০০৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি তদন্ত শেষে আইন না মেনে নিম্নমুখী শিক্ষাদানের দায়ে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করেছিল।
এরপর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী পাঁচটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।
তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণের জন্য প্রচলিত আইনের পরিবর্তে একটি নতুন আইন করার সিদ্ধান্ত হয়। ওই সময়ে আইনের একটি খসড়া চূড়ান্ত করা হলেও রাজনৈতিক কারণে সেটি অনুমোদন করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগের প্রস্তাবিত খসড়ার সঙ্গে কিছু বিষয় সংযোজন-বিয়োজন করে আরেকটি খসড়া করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করে কিছুদিন আগে সেটি উপদেষ্টা পরিষদে পাঠায়।
উপদেষ্টা পরিষদ নতুন আইন প্রণয়ণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবিত আইনটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় কিছু সুপারিশ করে সেটি আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালেও তখনকার শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করলে আইন প্রণয়নের প্রক্রিয়া পিছিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম জানান, নতুন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান দায়িত্ব নেওয়ার আইন প্রণয়নের বিষয়টি গতি পেয়েছে। সর্বশেষ গত সোমবার প্রস্তাবিত আইনটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা হয়। সেখানে আইনটি দ্রুত অনুমোদনের বিষয়ে আলোচনা হয়েছে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "নতুন আইনে শিক্ষা নিয়ে ব্যবসার পথ রুদ্ধ হবে। তাছাড়া মালিকদের অধিকারও কমবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24