ঢাকা, ফেব্রয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে রংপুরে।
শনিবার বেলা ১২ টায় রংপুর সার্কিট হাউজে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
রাজধানীর বাইরে কোনো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের এটিই প্রথম বৈঠক।
রংপুর প্রতিনিধি জানান, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ হেলিকপ্টারযোগে সকালে রংপুর পৌঁছান। এই বৈঠকে উপদেষ্টা পরিষদের সব সদস্য ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারিরা, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত আছেন।
উপদেষ্টা পরিষদের বৈঠক উপলক্ষে রংপুরে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। জেলার রাস্তাঘাট ছাড়া বিভিন্ন ভবনের ছাদে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা ও টহলের ব্যবস্থা রয়েছে।
প্রধান উপদেষ্টা বিকেলে মিঠাপুকুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক সমাবেশেও অংশ নেবেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/আরএ/জিএনএ/১২০২ ঘ.
bdnews24