ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবমেরিন কেবল বিচ্ছিন্ন থাকার কারণে ইন্টারনেট যোগাযোগের গতি অতি ধীর হয়ে পড়েছে।
২০ ডিসেম্বর মিশরের আলেক্সান্দ্রিয়া থেকে ১৮০০ কিমি দূরে ভূমধ্যসাগরতলে সাবমেরিন কেবল কেটে যায়। ২৫ ডিসেম্বর মেরামত শেষ হওয়ার পর ২৬ ডিসেম্বর সকালে আবারও আরেকটি স্থানে বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিন কেবল।
সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেবল বিচ্ছিন্ন থাকার কারণে ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে।
তিনি জানান, ১২টি এসটিএমর মধ্যে ৬টি এসটিএম পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। পূর্বদিকের ৬টি এসটিএম এর মাধ্যমে যোগাযোগ বজায় রয়েছে।
মনোয়ার হোসেন জানান, কনসোর্টিয়াম থেকে জানানো হয়েছে ৪ জানুয়ারির মধ্যে মেরামত সম্পন্ন হবে।
এ নিয়ে আলেকজান্দ্রিয়ার কাছে ভূমধ্যসাগরে তিনবার কাটা পড়লো সাবমেরিন কেবল। এর আগে জানুয়ারি মাসে প্রথমবার কাটা পড়ে। তখনও ইন্টারনেট যোগাযোগে বিপর্যয় নেমে আসে।
২০০৪ সালে বাংলাদেশ সাবমেরিন কেবল কনসোর্টিয়াম 'এসইএ-এমই-ডব্লিওই -৪' এর সঙ্গে যুক্ত হয়। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০০৬ সালের মার্চ মাসে।
১৬টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এ কেবলের সঙ্গে যুক্ত রয়েছে। সিঙ্গাপুর থেকে শুরু হয়ে ২০০০০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সাবমেরিন কেবল সাগরের তলদেশ দিয়ে গিয়ে অপর প্রান্তে ফ্রান্সের মার্শেইতে গিয়ে শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯২৩ঘ.
bdnews24