গাজীপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশনে শুক্রবার সকালে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ঢাকা-ময়মনসিংহ রুটে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এবং দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। দুই ট্রেনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হলে ওই লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়।
আহতদের মধ্যে নরসিংদীর রায়পুরার ফারুককে (৩০) রাজেন্দ্রপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেল কর্মকর্তারা জানান, ট্রেন দু'টির গতি কম থাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে।
রাজেন্দ্রপুরের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্রকে জায়গা করে দেওয়ার জন্য সকাল সাড়ে ৭টার দিকে মহুয়া ধীর গতিতে স্টেশনে ঢুকতে থাকে। এ সময় ব্রহ্মপুত্র আউটার সিগন্যাল দিয়ে সোজা স্টেশন অতিক্রম করার কথা। কিন্তু চালক সিগন্যাল না মেনে মহুয়ার লাইনে ঢুকে পড়লে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দু'টি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়া ছাড়াও একাধিক বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, "ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ১০টায় রাজেন্দ্রপুরে আসে। বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়।"
দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেনের যাত্রাও বিলম্বিত হয়।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) নূর মোহাম্মদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- প্রধান অপারেটিং সুপারিনটেনডেন্ট ফেরদৌস আলম, প্রধান যন্ত্রকৌশল প্রকৌশলী মো. শামসুজ্জামান এবং প্রধান সিগন্যাল এন্ড টেলিকম প্রকৌশলী শফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৪০ ঘ.
bdnews24