২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জেএমবি'র নামে চাঁদা চেয়ে হুমকি

নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য পরিচয় দিয়ে নীলফামারীর জনতা ব্যাংক লিমিটেড এর চার শাখা ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যা এবং বোমা মেরে ঘর-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 05:40 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

নীলফামারী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য পরিচয় দিয়ে নীলফামারীর জনতা ব্যাংক লিমিটেড এর চার শাখা ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যা এবং বোমা মেরে ঘর-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেছেন, যারা ফোন করেছে তারা জেএমবি সদস্য নয় বলে তিনি মনে করছেন। তবু পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে তিনি জানান। বৃহস্পতিবার বিকেলে চাঁদা চেয়ে তার কাছে ফোন করা হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি জানান, বিকেল ৪টার দিকে তাকে মোবাইল ফোনের ০১৭২৬৮৬৭৯০১ নম্বর থেকে বলা হয় 'আমি জেএমবি'র একজন সদস্য। আমাদের এক সদস্য ভারতে চিকিসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য ২৫লাখ টাক্ াপ্রয়োজন। আমরা ২১লাখ টাকা সংগ্রহ করেছি। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে ৫০হাজার টাকা চাঁদা দিতে হবে। না হলে আপনার বউ-বাচ্চাদের তুলে এনে হত্যা করা হবে। প্রয়োজনে বোমা মেরে আপনার ঘর-বাড়ি উড়ে দেওয়া হবে।' চিলাহাটি শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান দাবি করেন, বিকেল ৩টা ২১ মিনিটে ০১৭২৬৮৬৭৯০১ নম্বর থেকে তিনি ফোন পেয়েছেন। তার কাছেও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। একই ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন ডোমার শাখা ব্যবস্থাপক মেছের আলী সরকার ও জলঢাকা শাখা ব্যবস্থাপক জীতেন্দ্র নাথ বর্মন। তারা জানান, জেএমবির নামে চাঁদা দাবি ও হুমকি দিয়ে ফোন করার পর থেকে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমি রামগঞ্জ শাখা ব্যবস্থাপক নুরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তার কথায় মনে হয়েছে, যারা ফোন করেছিল তারা জেএমবি'র সদস্য নয়। তথাপি আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৫ ঘ.