২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে চারদল কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বুধবার দুপুরে চারদলীয় জোট কর্মীদের হামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল হাশেম (৪২) ও তার ছেলে তৌহিদুল ইসলাম (১৬) আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বুধবার দুপুরে চারদলীয় জোট কর্মীদের হামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল হাশেম (৪২) ও তার ছেলে তৌহিদুল ইসলাম (১৬) আহত হয়েছেন। আহত আবুল হাশেমকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল হাশেম সরল ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওর্য়াড কমিটির সাধারণ সম্পাদক। বাঁশখালী থানার উপ-পরিদর্শক মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে চারদলীয় জোট প্রার্থী বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর মেয়ে কিছু নারী সমর্থক নিয়ে সরল ইউনিয়নে আবুল হাশেমের ঘরে নির্বাচনী প্রচারণার জন্য যান। এসময় ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবুল হাশেমের স্ত্রীকে টাকা দিতে চাইলে আবুল হাশেম বাধা দেন। এর পরই বিএনপির কিছু সমর্থক আবুল হাশেমকে মারধর করে। এ সময় ছেলে তৌহিদ বাধা দিতে গেলে তারা তাকেও মারধর করে এবং ঘর ভাংচুর করে। মাসুদ আলম জানান, হামলায় আবুল হাশেমের মাথা ফেটে গেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর অবস্থার অবনতি ঘটলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে মহাজোটর প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতানুল কবীর চৌধুরী আহত আবুল হাশেমকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নির্বাচনী প্রচারাভিযান শুরু হওয়ার পর বাঁশখালীতে এই প্রথম চারদল ও মহাজোট সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলো। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, "হামলার শিকার হয়েছেন এমন কেউ এখনো থানায় অভিযোগ করেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/১৯২৪ঘ.