ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম হ্রাসের পর ডিজেলচালিত দূর পাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে দুই পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক আদেশে একথা জানানো হয়।
এতে বলা হয়, ডিজেলচালিত দূরপাল্লার যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ৯৮ পয়সা থেকে কমিয়ে ৯৬ পয়সা করার সিদ্ধান্ত হয়েছে।
যে সব বাস মাওয়া ও পাটুরিয়া রুটে ফেরি পারাপারের মাধ্যমে যাতায়াত করে, সে সবের ভাড়া ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ রুটে বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ১ পয়সা।
দূরপাল্লার ডিজেলচালিত মিনিবাসের ভাড়া ১ টাকা ১ পয়সা থেকে কমিয়ে ৯৯ পয়সা করা হয়েছে।
এছাড়া মাওয়া ও পাটুরিয়া রুটে ফেরি পারাপারের মাধ্যমে যে সব মিনিবাস চলাচল করে, সে সবের ভাড়া ১ টাকা ৪ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ২ পয়সা করা হয়েছে।
ভাড়ার এ নতুন হার অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।
সোমবার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় সরকার।
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা থেকে কমিয়ে ৪৬ টাকা করা হয়। পেট্রোল ৭৮ থেকে কমিয়ে ৭৪ টাকা এবং অকটেনের দাম ৮০ থেকে কমিয়ে ৭৭ টাকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এফএফ/এমআই/১৫১২ ঘ.
bdnews24