মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে রোববার রাত দেড় থেকে সাড়ে ৪টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি চলাচল আবার শুরু হলেও কুয়াশার কারণে ধীর গতিতে চলতে হচ্ছে। ফলে পারাপারে সময় বেশি লাগছে। এ কারণে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে যানজট বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা।
রাতে কুয়াশার কারণে চারটি ফেরি যানবাহন ও বহু যাত্রীসহ পদ্মা নদীবক্ষে আটকা পড়ে।
এছাড়া মুন্সীগঞ্জের ধলেশ্বরী, মেঘনা ও পদ্মা নদীতে যাত্রীবাহী সাতটি বড় লঞ্চসহ ঘন কুয়াশায় অন্তত ৫৫টি নৌযান বিভিন্ন স্থানে আটকা পড়ে। কয়েকটি নৌযান আটকা পড়ে চরে।
সোমবার মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার উভয় পারে প্রায় ২০০ গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রাত দেড়টায় ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। সাড়ে ৪টার পর ফেরি চলাচল আবার শুরু হলেও কুয়াশার কারণে ধীর গতিতে চলতে হচ্ছে। আগে ফেরি পারাপারে এক ঘণ্টা লাগলেও বর্তমানে কখনও কখনও সাড়ে তিন ঘণ্টাও লাগছে। বিলম্বের কারণে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে যানজট বাড়ছে।
সিরাজুল ইসলাম জানান, রাতে আটকা পড়া ফেরি ও নৌযানগুলো কুয়াশা কমে যাওয়ার পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২২ ঘ.
bdnews24