২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাতে দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে। এরা হলেন- ময়মনসিংহের সুতিয়াখালী গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে দুলাল মিয়া ও ঢাকা জেলার ডেমরা ডগাইর পশ্চিমপাড়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে কবীর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাতে দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে। এরা হলেন- ময়মনসিংহের সুতিয়াখালী গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে দুলাল মিয়া ও ঢাকা জেলার ডেমরা ডগাইর পশ্চিমপাড়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে কবীর হোসেন। রাত ১২টা ১৩ মিনিটে এদের ফাঁসি কার্যকর হয় বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা। জেলার শাহ আলম সাংবাদিকদের জানান, শুক্রবার ভোররাতে তাদের লাশ আতীয়-স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে। যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দুলালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কবীর হোসেনকে ফাঁসির আদেশ দেওয়া হয় ধর্ষণের পর এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে। মামলার নথি থেকে জানা গেছে, ১৯৯৭ সালে ১ মে ময়মনসিংহ জেলার সুতিয়াখালী গ্রামের দুলাল যৌতুকের জন্য স্ত্রী হাজেরাকে নির্যাতন এবং শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় হাজেরার বাবা ইদ্রিস আলী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন আদালত দুলালকে মৃত্যুদণ্ড দেয়। ওইদিনই তাকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। অপরদিকে ২০০২ সালের ৬ নভেম্বর ঢাকা জেলার ডেমরা ডগাইর পশ্চিমপাড়া গ্রামের কবীর হোসেন ও তার সঙ্গীরা একই এলাকার কাজল (১৮) নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার পর লাশ পাশের খালে কচুরিপানা নীচে লুকিয়ে রাখে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়। ২০০৩ সালের ১৯ মার্চ ঢাকা দ্রুত বিচার আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবীরকে মৃত্যুদণ্ড দেয়। ওইদিনই তাকে ময়মনসিংহ কারাগারে আনা হয়। আপিল করার পরও তাদের বিরুদ্ধে আদালতের রায় বহাল থাকায় তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায়। তবে ওই আবেদন না-মঞ্জুর হয়। জেলার জানান, দুই আসামির ফাঁসি কার্যকরের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশিদা ফেরদৌস, সিভিল সার্জন এস এম শামসুল আলম, এএসপি আপেল মাহমুদ, সিনিয়র জেল সুপার নুরুল ইসলাম মোল্লাসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.