১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠীর নাশকতার কোনো আশঙ্কা করছেন না পুলিশ প্রধান। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ ব্যবস্থা নিচ্ছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ- ২০০৮ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন "নির্বাচনকে সামনে রেখে জঙ্গি হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট কোনও তথ্য পুলিশের কাছে নেই। এ ধরনের বড় কোনও ঘটনার আশঙ্কা আমরা দেখছি না।"
অবশ্য 'ছোট-খাট বিচ্ছিন্ন ঘটনা' ঘটতেই পারে মন্তব্য করে তিনি বলেন, "র্যাব ও পুলিশ এ ধরনের যে কোনও পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।"
নূর মোহাম্মদ দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, "গত কয়েকমাসে জঙ্গিদের নামে কিছু লিফলেট ও সিডি বিতরণ ছাড়া অন্য কোনও উদ্বেগজনক তৎপরতা দেখা যায়নি। এ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"
নির্বাচনের দিন ভোটকেন্দ্র এলাকায় পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে যারা বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে ঢাকায় র্যাব সদর দপ্তরে নির্বাচন সামনে রেখে র্যাবের কর্মতৎপরতার বিষয়ে সাংবাদিকের অবহিত করেন মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।
এ মাসের ২৪ তারিখ থেকেই সবগুলো মহানগরী ও জেলা শহরে র্যাবের বিশেষ স্কোয়াড মোতায়েন করা হচ্ছে। তারা সেনা ও পুলিশের পাশাপাশি কাজ করবে।
মহাপরিচালক জানান, নির্বাচনে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে র্যাব। এ মাসের ২৪ তারিখ থেকে প্রতিটি মহানগরীতে এক কোম্পানি ও প্রতিটি জেলা শহরে এক প্লাটুন করে র্যাব সদস্য মোতায়েন করা হবে। ইতোমধ্যে সারাদেশে ৬ হাজার র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের দিন র্যাব সদস্যরা নিয়মিত টহল দেবে। এছাড়া যে কোনও পরিস্থিতির জন্যে র্যাবের 'বম্ব স্কোয়াড' প্রস্তুত থাকবে।
তিনি বলেন, "র্যাবের জঙ্গি প্রতিরোধ সেল ও সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং বিশেষভাবে কাজ করছে। যেসব জেএমবি নেতা এখনো কারাগারের বাইরে রয়েছেন, তাদের গ্রেপ্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
হাসান মাহমুদ জানান, নির্বাচনী আচরণ বিধি রক্ষার বিষয়টিও দেখবে র্যাব সদস্যরা। কেউ বিধি লঙ্ঘন করলে তারা প্রথমে সতর্ক করবে। পরে প্রয়োজন হলে গ্রেপ্তার বা আইনানুগ ব্যবস্থা নেবে।
নির্বাচন পরবর্তী সময়ে সমাজের কোনও অংশ যাতে নির্যাতনের শিকার না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকবে র্যাব।
মহাপরিচালক বলেন, "নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনও আশঙ্কা নেই। তারপরও বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। সন্ত্রাসীদের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।"
অন্যদের মধ্যে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক গুলজার আহমেদ ও ১২টি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসটি/জেকে/এসকে/২২২০ঘ.
bdnews24