২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকার শিশু সোহেল রানাকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকার শিশু সোহেল রানাকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান ও মনির হোসেন। দুই জনই কারাগারে আছেন। ২০০৭ সালের ২৭ নভেম্বর রাতে পাহাড়তলীর দুলালাবাদ এলাকায় গরু ব্যবসায়ী আলী আহম্মদের আট বছর বয়সী ছেলে সোহেল রানাকে ধারালো ছুরির আঘাতে হত্যা করা হয়। সাজাপ্রাপ্ত দুজনই আলী আহম্মদের আত্মীয় এবং ওই বাসায় থেকে পড়ালেখা করতেন। গৃহকর্তার ১৮ লাখ টাকা চুরির জন্য তারা এ হত্যাকাণ্ড ঘটায় বলে বিচারে প্রমাণিত হয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া আসামি মনির হোসেন ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।।" মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে ব্যবসায়ী আলী আহম্মদের বাসার বেডরুমে রাখা ১৮ লাখ টাকা আত্মসাতের জন্য চেষ্টা করে আসামিরা। কিন্তু এ সময় ওই কক্ষে সোহেল থাকায় তাকে হত্যা করে আসামিরা। ওই সময় মনির হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আলী আহম্মদ বাদি হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন। সোহেল রানা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। অ্যাডভোকেট সাজ্জাদ জানান, ২০০৮ সালের ২৪ ফেব্র"য়ারি এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬২৭ ঘ.