মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে গত ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মায় আটকে আছে পাঁচটি ফেরি। এর ফলে উভয় পাড়ে বাড়ছে যানজট।
বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আছে শত শত গাড়ি। কনকনে শীতে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী।
যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মায় আটকে পড়া পাঁচটি ফেরি হচ্ছে- রোরো ফেরি শাহ জালাল ও এনায়েতপুরী এবং ফ্লাট ফেরি রায়পুরা, রানীগঞ্জ, রানীক্ষেত।
মুন্সীগঞ্জের মাওয়ায় বিআইডব্লিউটিসির এজিএম মো. আশিকুজ্জামান বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে শতশত যান পারাপারের অপেক্ষায় আছে। ঢাকা বা দক্ষিণাঞ্চলগামী হাজারো যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।"
তিনি বলেন, "বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়ছে। তবে মাওয়া-কাওড়াকান্দি ফেরি রুটে কুয়াশা কাটছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১১৪২ ঘ.
bdnews24