২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মার্কিন নীতির পরিবর্তন হবে না: মরিয়ার্টি

নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে বাংলাদেশে মার্কিন নীতির কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। মরিয়ার্টি বলেন, "যুক্তরাষ্ট্রের নতুন সরকার বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে বাংলাদেশে মার্কিন নীতির কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। মরিয়ার্টি বলেন, "যুক্তরাষ্ট্রের নতুন সরকার বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছে।" ভারতের মুম্বাইয়ে ইসলামী জঙ্গিদের হামলার পর পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর নীতির ইঙ্গিত ইতোমধ্যেই দিয়েছে বারাক ওবামার প্রশাসন। এ অবস্থায় নতুন প্রশাসনে বাংলাদেশের ক্ষেত্রে নীতির কোনও পরিবর্তন আসবে কিনা- প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যত মার্কিন নীতির বিষয়ে আমি এটুকুই বলতে পারি, ওয়াশিংটনে গিয়ে আমি বর্তমান নীতি অব্যাহত থাকার কথাই শুনেছি।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে বড় কোনও পরিবর্তন আসতে পারে, এমন কিছুই আমি শুনিনি। প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে কী ঘটে, তা দেখার জন্য।" বাংলাদেশে জরুরি অবস্থা তুলে নেওয়াকে স্বাগত জানিয়ে মরিয়ার্টি বলেন, "এ অবস্থাকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচার এবং আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানেরও দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপরও বর্তেছে।" গত বছরের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়। রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবির প্রেক্ষাপটে নির্বাচনের আগে ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো। মার্কিন কূটনীতিবিদরা জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছিল। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের যথেষ্ট আগ্রহ রয়েছে। আমরা আশা করি, দুদেশের মধ্যকার এ উষ্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "ওয়াশিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ বিষয়ক কংগ্রেসের শুনানিতে অংশ নিয়েছিলেন মরিয়ার্টি। তিনি আমাকে জানিয়েছেন, বাংলাদেশের বিষয়ে বেশ আগ্রহ রয়েছে ওবামার দলের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৪২৮ ঘ.