চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তিনদিনের মুক্তিযুদ্ধ বিজয় মেলা সোমবার থেকে শুরু হয়েছে।
বিকেলে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে এ বিজয় শিখা প্রজ্জ্বলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী আসন্ন সংসদ নির্বাচনে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের প্রত্যাখান করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের বিজয় শিখা সংলগ্ন এলাকায় একটি বিজয় স্মারক নির্মাণেরও ঘোষণা দেন তিনি।
১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। নগরীর লালদীঘি ময়দানে স্থাপতি বিজয় মঞ্চে তিনদিনের কর্মসূচিতে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, গণসংগীত, আবৃত্তি, নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, মেলা পরিষদের মহাসচিব আবুল হাশেম, গণফোরাম নেতা এম কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা অমল মিত্র, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মঙ্গলবার নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/২০৪২ঘ.
bdnews24