ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন জুডিশিয়াল স্ট্যাম্পের কৃত্রিম সঙ্কটের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছে রাজউকের উত্তরা ও পূর্বাচল প্রকল্প প্লটের আবেদনপত্রের সঙ্গে ১৫০ টাকার কোর্ট ফি দিয়েও হলফনামা জমা দেওয়া যাবে।
সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রাজউকের প্লটের জন্য আবেদনকারীরা আবেদনপত্রের সঙ্গে ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাস্প বা কার্টিজ পেপারে ১৫০ টাকার কোর্ট ফি দিয়েও হলফনামা জমা দিতে পারবেন।
এর আগে রাজউক প্লটের আবেদনপত্রের সঙ্গে ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। স্ট্যাম্পের চাহিদা বেড়ে যাওয়ায় ভেন্ডাররা কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়িয়ে দেয়।
কোন কোন ক্ষেত্রে ১৫০ টাকার স্ট্যাম্প কালোবাজারে এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে বলেও ভ্ক্তুভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/১৮২৮ঘ.
bdnews24