ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ ও উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, "আমরা এমন একটি নির্বাচনের অংশীদার হতে চাই, যা ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে। আর এ নির্বাচনের মধ্য দিয়েই আমরা জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব।"
রোববার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে এটি ছিল সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার পঞ্চম সভা।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ সভার বিবরণ সাংবাদিকদের জানান।
প্রধান উপদেষ্টা আমলাতন্ত্রের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার আসবে, যাবে- এ পরিবর্তন স্বাভাবিক। কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে ব্যুরোক্রেসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যুরোক্রেসি হতে হবে পেশাদার, মেধা-মনন-বুদ্ধিমত্তা সমন্বিত এবং স্বচ্ছ ও উদার। সৎ, যোগ্য ও নিরপেক্ষ প্রশাসনের জন্য একটি দক্ষ, সৎ, পেশাদার, জনদরদী ব্যুরোক্রেসির বিকল্প নেই।"
ফখরুদ্দীন আহমদ গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকার গৃহিত বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার জন্য সচিবদের প্রতি আহ্বান জানান।
সচিবদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের প্রশাসন ও সমাজের জন্য রোল মডেল হতে হবে। মন-মানসিকতা হতে হবে উদার, ইতিবাচক ও স্বচ্ছ। আপনারা আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নিত্য নতুন কলা-কৌশল এবং নতুন ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের হালনাগাদ রাখবেন।"
প্রশাসন পরিচালনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তথ্য প্রযুক্তির ব্যবহার রাখবে উল্লেখযোগ্য ভূমিকা।
তত্ত্বাবধায়ক সরকারের গত দুই বছরের কার্যক্রমের বিবরণ তুলে ধরে ফখরুদ্দীন আহমদ বলেন, "আমরা এই দুই বছরে গতিশীল, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার চেষ্টা চালিয়েছি।"
সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচির সাফল্যের কথা জানিয়ে তিনি বলেন, "দেশের অর্থনীতির গতি সঞ্চারে বেটার বিজনেস ফোরাম ও রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংস্কৃতি ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে।"
"সিটিজেনস চার্টার, ক্লায়েন্টস চার্টার, ওয়ানস্টপ সার্ভিস চালুসহ নানা পদক্ষেপও সুফল দিতে শুরু করেছে। এগুলো ভবিষ্যতেও চালু রাখবেন বলে প্রত্যাশা করছি।"
নির্ধারিত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "এডিপি সঠিক সময়ে বাস্তবায়িত না হলে এর সুফল পাওয়া যায় না।"
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন যত দ্রুত সম্ভব ছাড় করানোর জন্য সচিবদের তাগিদ দেন ফখরুদ্দীন আহমদ। পাশাপাশি সেবা দেওয়ার কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার আহ্বানও জানান তিনি।
সচিবালয় নির্দেশিকা যুগোপযোগী করা হয়েছে জানিয়ে তা যথাযথভাবে বাস্তবায়নের দিকে দৃষ্টি রাখতে সচিবদের প্রতি নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
গত বন্যা এবং সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের তৎপরতার প্রশংসা করে ফখরুদ্দীন আহমদ বলেন, "এই দুই দুর্যোগ যেভাবে আপনারা সামাল দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবে কাজ করতে হবে।"
বাজার পরিস্থিতি সহনীয় রাখতে উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমাদের শুধু আমদানি নির্ভর হলে চলবে না। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।"
গত দুই বছর সরকারের দায়িত্ব পালনে সহায়তার জন্য সচিবদের ধন্যবাদ দেন ফখরুদ্দীন আহমদ। মন্ত্রিপরিষদ সচিবসহ নয় জন সচিব সভায় বক্তব্য রাখেন।
সচিবদের সঙ্গে এটিই প্রধান উপদেষ্টার শেষ আনুষ্ঠানিক সভা। আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান সরকার।
রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০০৭ সালের জানুয়ারিতে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। এটিই এ পর্যন্ত দেশের দীর্ঘমেয়াদি তত্ত্বাবধায়ক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমআই/জিএনএ/১৫৪৭ ঘ.
bdnews24