ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ক্ষমতায় এলে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি শক্তির উন্নয়নে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বিএনপি।
খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তাদের পরামর্শ মোতাবেক জাতীয় জ্বালানী নীতি প্রণয়ন করা হবে।
নির্বাচনী ইশতেহারে দলটি বলেছে সারাদেশে ইন্টারনেট সুবিধা বিস্তৃৃত করা হবে। দেশের বিভিন্ন এলাকায় গড়ে তোলা হবে আইটি পার্ক।
শনিবার রাজধানীতে এ ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া এসময় বলেন, "বর্তমান বাস্তবতার নিরিখে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষা করে তার সর্বোত্তম ব্যবহারের জন্য বিএনপি প্রথম থেকেই তৎপর হবে। সেই লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় স্বার্থে গ্যাস, তৈল, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পরামর্শ দেয়ার জন্য যথার্থই অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তাদের পরামর্শ মোতাবেক জাতীয় জ্বালানী নীতি প্রণয়ন করা হবে।"
"যত দ্রুত সম্ভব বিদ্যুৎ, কয়লা ও গ্যাসের উৎপাদন বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তা ব্যবহার করা হবে।"
খালেদা জিয়া বলেন, "বিবিয়ানাতে ৪৫০ মেগাওয়াট, সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা ও স্থানীয় বিভিন্ন ব্যাংকের অর্থায়নে মাঝারি ও ছোট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা হবে।"
পানি, বায়ূ ও সৌর শক্তি উৎপাদনের এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপি নেত্রী।
টেলিযোগাযোগ খাতের উন্নয়নে দলের নির্বাচনী কর্মসূচি সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "২০০১ সালে বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফাইবার অপটিক সাবমেরিন কেবল সংযোগের মাধ্যমে বাংলাদেশ এখন ইনফর্মেশন হাইওয়েতে পৌঁছে গেছে। বিএনপি ও চারদলীয় জোট সরকারের ২০০১ সালে দায়িত্ব গ্রহণের সময়ে মোবাইল ফোনের সংখ্যা ছিল মাত্র ৫০ লাখ। ২০০৬ সালের শেষে এই সংখ্যা দাড়ায় প্রায় তিন কোটি।"
"এরই ধারাবাহিকতায় টেলিকমিউনিকেশন ব্যবস্থা আরো সহজলভ্য, গ্রাহক বান্ধব ও সম্প্রসারিত করা হবে। ইন্টারনেট সার্ভিস সারাদেশে বিস্তৃৃত ও সুলভ করা হবে।"
তিনি বলেন, "বিজ্ঞান ও ইনফর্মেশন টেকনলজি বিষয়ে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দেয়া হবে।"
"বিজ্ঞান ও ইনফর্মেশন টেকনলজি বিষয়ে শিক্ষা ও গবেষণা কর্মসূচি জোরদার করা হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে।"
"দেশের বিভিন্ন স্থানে আইটি পার্ক এবং এডুকেশন পার্ক গড়ে তুলে জ্ঞান বিকাশের ও দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৩৮ঘ.
bdnews24