ফরিদপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'সবার জন্য শিক্ষা: আমাদের অঙ্গীকার' শীর্ষক নাগরিক সংলাপে ফরিদপুর-৩ (সদর) আসনের পাঁচ প্রার্থীর চারজন এক মঞ্চে বসে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় কবি জসীম উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত এ নাগরিক সংলাপে শ্রোতারা তাদের কাছে শিক্ষা, স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নদী ভাঙন রোধ ও স্থানীয় উন্নয়ন বিষয়ে জানতে চান।
সংলাপে অংশ নেন ফরিদপুর-৩ (সদর) আসনের মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন, চারদলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জাতীয় যুক্তফ্রন্ট প্রার্থী ও জেলা গণ ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বিশ্বজিত গাঙ্গুলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খন্দকার ওয়াহিদুজ্জামান।
এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ সংলাপে উপস্থিত ছিলেন না।
অধ্যক্ষ মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় সংলাপের প্রশ্নোত্তর পর্বে মহাজোট প্রার্থী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন বলেন, "দলীয় নির্বাচনী ইশতেহারের আলোকে স্থানীয় উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।"
তিনি বলেন, "শিক্ষা নিয়ে অবহেলা করার কোন সুযোগ নেই। মান সম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নাগরিকের অধিকার।"
নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন মহাজোট প্রার্থী।
চারদলীয় জোট প্রার্থী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "বিশ্ব ব্যাংক, আই এম এফ-এর পরামর্শ ও উপদেশ নয়, আমাদের নিজস্ব উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে আমাদের প্রয়োজনে ও স্থানীয় বাস্তবতার আলোকে।"
তিনি বলেন, "রাজনৈতিক দলে দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারলে অপরাধীরা রাজনৈতিক আশ্রয় পাবে না।"
"কৃষিতে ভর্তুতি দিয়ে কৃষি উন্নয়ন ত্বরাম্বিত করে স্বনির্ভর অর্থর্নীতি গড়ে তোলাই হচ্ছে আমাদের অঙ্গীকার", বলেন মুজাহিদ।
গণফোরাম প্রার্থী বিশ্বজিত গাঙ্গুলী বলেন, "শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুবা মেধার সংকট সৃষ্টি হতে পারে।"
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খন্দকার ওয়াহিদুজ্জামান বলেন, "নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।"
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ স্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় স্থানীয় সংস্থা রাসিন এ সংলাপের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.
bdnews24