ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শনিবার ভোর রাতে লন্ডন থেকে দেশে ফিরেছেন।
ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে রাত ৩টায় তিনি ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রেহানার সঙ্গে তার দুই মেয়ে রূপন্তী ও টিউলিপও রয়েছেন। শুক্রবার শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার পরপরই রেহানা দেশে ফিরলেন।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিজয় দিবসের দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে পারেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
শেখ রেহানা গত ১০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তবে ওই সময় দেশে না থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
চাঁদাবাজির একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি রেহানাও আসামি। ওই মামলার অপর আসামি তাদের ফুপাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
রেহানাকে পলাতক দেখিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন হয়। পরবর্তীকালে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার বিচার কার্যক্রম স্থগিত করে। বর্তমানে ওই রিট আবেদন হাইকোর্টে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।
তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ওই মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের সময় আসামির তালিকায় রেহানার নাম না থাকলেও পরে অভিযোগপত্রে তার নাম যুক্ত করা হয়।
মামলার বাদি আজম জে চৌধুরী অবশ্য পরে দাবি করেন, তিনি শুধু শেখ সেলিমের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তারা হাসিনা আর রেহানাকে অভিযুক্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসি/এমআই/১১১১ ঘ.
bdnews24