গাজীপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালীগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ও পুলিশের সঙ্গে 'ক্রসফায়ারে' ডাকাত সর্দার মো. সেলিম (২৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের পেছনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে বলে র্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সেলিমের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি করে রামদা ও ছুরি এবং ঘটনাস্থলে কয়েক বোতল ফেনসিডিল পাওয়া যায়।
র্যাব-১ ও কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সেলিম কালীগঞ্জ সদর ইউনিয়নের চৌড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ ও আশপাশের থানাগুলোতে হত্যাসহ ডাকাতির ১০টি মামলা রয়েছে।
গত ২১ নভেম্বর রাতে চৌড়ার পার্শ্ববর্তী বালিগাঁও গ্রামের হরমুজ আলীর বাড়িতে সহযোগীদের নিয়ে সেলিম ডাকাতিকালে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। জনতার হাতে ধরা পড়ে তার তিন সহযোগী গণপিটুনিতে মারা যায়। বাকিদের নিয়ে সেলিম পালিয়ে যায়।
ওই দিনেই ক্ষুব্ধ গ্রামবাসী সেলিমের বাড়ি তছনছ করে আগুন ধরিয়ে দেয়।
র্যাব-১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, ডাকাতির প্রস্তুতির কথা শুনে র্যাব ও পুলিশের যৌথ দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে যায়।
তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। র্যাব ও পুলিশ সদস্যারাও পাল্টাগুলি ছুড়ে। ১০-১৫ মিনিট গোলাগুলি চলার পর সেখানে গুরুতর আহত সেলিমকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান সেলিম মৃত।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24