ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা থাকছে না। বুধবার রাতে এ কথা ঘোষণা করেছে সরকার।
তিনজন উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে আরো জানান, ১২ ডিসেম্বর থেকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।
তথ্য অধিদপ্তরে (পিআইডি) এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষে একটি লিখিত বিবৃতি পড়েন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
"রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকার সার্বিক প্রশাসনিক বিবেচনায় আগামী ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
"তবে নির্বাচনী প্রচার কাজের সুবিধার জন্য জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বিষয়ক ধারা ৩ আগামী ১২ ডিসেম্বর থেকে রহিত হবে।"
বিবৃতিতে আরো বলা হয়, "নির্বাচনী কার্যক্রম সার্বিকভাবে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর আলোকে পরিচালিত হবে।"
এসময় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও গোলাম কাদের উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/২১৩৫ ঘ.
bdnews24