২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতা: হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্ট

জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধাসহ চারটি ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। এছাড়া হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধাসহ চারটি ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। এছাড়া হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সরকারের আপিল ও রায় স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নাল আবেদীনের অবকাশকালীন বিশেষ আদালত এ আদেশ দেয়। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। আদেশের পর এ মামলার একজন এমিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) ব্যারিস্টার এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি ক্ষমতা আইনে জামিনের বাধাসহ চারটি ধারা বাতিলের হাইকোর্টের রায় স্থগিতের সরকারের আপিল নাকচ করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি। তিনি হাইকোর্টের রায় স্থগিত না করে বিষয়টির ওপর আগামী ১৫ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তারিখ ধার্য করে দিয়েছেন।" ব্যারিস্টার মানিক বলেন, "আপিল বিভাগের সোমবারের আদেশের ফলে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারা, জরুরি ক্ষমতা বিধিমালার ১১(৩), ১৯(ঘ) ও ১৯(ঙ) ধারাকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় এখনো বহাল রয়েছে। বহাল রয়েছে মানুষের জামিন চাওয়ার অধিকার ও জরুরি ক্ষমতা আইনের অধীনে কোনো আদেশের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার অধিকার।" সরকারের এ আপিল আবেদনটির ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। গত ৪ ডিসেম্বর হাইকোর্ট জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধাসহ চারটি ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। আদালত রায়ে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) ধারাকে সংবিধান পরিপন্থি ও অবৈধ বলে রায় দেন। গত ৫ জুন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন জনস্বার্থে এ রিট করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জিএনএ/১৮০০ ঘ.