ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের দিন সোমবার রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে পশুহাটে।
গাবতলীর স্থায়ী পশুর হাট এবং সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১২টি অস্থায়ী হাটগুলোর পাশাপাশি বিভিন্ন রাস্তায় গরু-ছাগল বেচাকেনা চলায় এমন রূপ পেয়েছে নগরী।
কোরবানীর ঈদ সামনে রেখে ঢাকা সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১২টি অস্থায়ী হাটে শনিবার থেকে পশু বিক্রি শুরু হয়েছে।
এ বছর অস্থায়ী হাটগুলো বসেছে- আরমানিটোলা খেলার মাঠ ও পাশের চিত্রামহল সংলগ্ন ডিসিসির খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, হোসেনী দালান রোড, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন বালুর মাঠ, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও শাহজালাল রোড এবং ঈশা খাঁ রোডসংলগ্ন সংযোগ সড়ক, মেরাদিয়া বাজার, তালতলা বাস স্ট্যান্ডের পাশের খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, ৮৫ নম্বর ওয়ার্ডের আউটফল স্টাফ কোয়ার্টারের দক্ষিণ পাশের খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, ধুপখোলা মাঠ এবং খিলক্ষেত ও বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গায়।
নির্ধারিত হাটের বাইরেও রাজধানীর বিভিন্ন রাস্তার পাশে দাড়িয়ে বা চালার মধ্যে গরু ছাগল বিক্রি হচ্ছে। এসব জায়গায় সুযোগ মতো বিক্রেতারা দাম বেশী চাইছেন। কারণ যারা এসবের ক্রেতা তারা অধিকাংশই দামি গাড়ী থেকে নেমে দাম দর করছেন। অনেকে আবার বাজার দরের চেয়েও বেশী দামে কিনছেন। এখানকার ক্রেতাদের বক্তব্য, হাসিল দেওয়ার ঝামেলা নেই।
এগুলো ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে ও মাংসের দোকানে বিক্রি হচ্ছে গরু-ছাগল।
একইসঙ্গে বিক্রেতারা রাস্তার পাশে গরু-ছাগলের খাদ্য, পাতা, মাংস কাটার চাটাই-কাঠ ইত্যাদিও বিক্রি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এজে/জিএনএ/১৬৪০ ঘ.
bdnews24