২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন সহযোগিতা বিষয়ে কোনো বড় পরিবর্তন হবে না: ইউএসএইড কর্মকর্তা

বাংলাদেশ সফররত ইউএসএইড এশিয়া ব্যুরোর উপ সহকারী প্রশাসক মারগট এলিস বলেছেন, নুতন মার্কিন প্রশাসনের সময়কালে তারা বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা বিষয়ে কোনো বড় পরিবর্তন আশা করছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ সফররত ইউএসএইড এশিয়া ব্যুরোর উপ সহকারী প্রশাসক মারগট এলিস বলেছেন, নুতন মার্কিন প্রশাসনের সময়কালে তারা বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা বিষয়ে কোনো বড় পরিবর্তন আশা করছেন না। নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার দায়িত্ব গ্রহণের পর চলমান অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে উন্নয়ন সাহায্যে কোনো প্রভাব পড়তে পারতে পারে কিনা এ প্রশ্নের জবাবে ইউএসএইড এর এ অঞ্চলে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা এলিস একথা বলেন। তিনি রোববার ঢাকার আমেরিকান ক্লাবে এক মিডিয়া রাউন্ড টেবিলে মতবিনিময় করছিলেন। বাংলাদেশে মার্কিন উন্নয়ন সহযোগিতার আওতায় পরিচালিত বিভিন্ন প্রকল্পের অবস্থা পর্যালোচনা করতে ঢাকায় এসেছেন মারগট এলিস। বাংলাদেশে মার্কিন উন্নয়ন সহযোগিতা কর্মসূচিকে 'দীর্ঘমেয়াদী ও জোরদার' আখ্যা দিয়ে তিনি বলেন, "আমরা স্বাস্থ্য,শিক্ষা ও গণতন্ত্রের মতো বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি।" ইন্দোনেশিয়ায় বাংলাদেশ ইউএসএইড এর আদলে ইমামের মতো ধর্মীয় নেতাদের বিভিন্ন সচেতনতা ও উন্নয়ন কাজে সম্পৃক্ত করার ঘটনার কথা উল্লেখ করে এলিস বলেন, "আমরা আশা করি আরো বিভিন্ন দেশে এর অনুকরণ করা সম্ভব হবে।" বাংলাদেশের সম্পূর্ণ অবাধ একটি নির্বাচনের বিষয়ে দেশে এখনো বিদ্যমান 'সংশয়' প্রসঙ্গে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "আমরা সবাই নির্ধারিত সময়ে একটি অবাধ নির্বাচন হবে বলে আশা করছি।" বাংলাদেশে ইউএসএইড এর কান্ট্রি ডিরেক্টর ডেনিস রলিন্স উন্নয়ন সহায়তার ব্যাপারে অভিন্ন মত দেন। প্রেসিডেন্ট-নির্বাচিত বারাক ওবামার বিশ্বব্যাপী উন্নয়ন সহায়তা দ্বিগুণের প্রতিশ্র"তি উল্লেখ করে তিনি বলেন, সবই নির্ভর করছে এ সংক্রান্ত কংগ্রেস কমিটির মতামতের ওপর। কান্ট্রি ডিরেক্টর এ প্রসঙ্গে সরেজমিন অভিজ্ঞতার জন্য ঢাকায় কংগ্রেস নেতাদের সফরের কথা উল্লেখ করেন। লাউয়াছড়া বা উপকূলের মতো পরিবেশগতভাবে স্পর্শকাতর স্থানে তেল-গ্যাস অনুসন্ধান বা জরিপের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হবে কিনা বাংলাদেশে প্রথম আসা এলিসকে প্রশ্ন করা হলে এর জবাব দেন ডেনিস রলিন্স। শেভরনের নাম উল্লেখ না করে রলিন্স বিতর্কের বিষয়টিকে 'ভুল বোঝাবুঝি' আখ্যায়িত করে বলেন, সরকারের সঙ্গে সুনির্দিষ্ট চুক্তির বলেই সেখানে কাজ করেছে কোম্পানিটি। শেভরনের সাইসমিক সার্ভের সময় কিছু ক্ষতি হয়েছে স্বীকার করে তিনি বলেন, এ ধরণের স্পর্শকাতর স্থানকে রক্ষা করার জন্য স্থানীয় বাসিন্দাদের আরো সক্রিয় হতে হবে। ইউএসএইড এর সহায়তায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে গৃহীত কর্মসূচি বেআইনী গাছ কাটাসহ অবৈধ কর্মকাণ্ড কমিয়ে এনে বনের সংরক্ষণে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি। রলিন্স জোর দিয়ে বলেন, "লাউয়াছড়ায় বড় কোনো ক্ষতি হয়নি।" তিনদিনের ঢাকা সফরকালে মারগট এলিস ইউএসএইড এর অর্থায়নপুষ্ট একটি ক্লিনিক ও এইচআইভি/এইডস কর্মসূচি পরিদর্শন এবং সামাজিক উন্নয়ন কর্মসূচিতে জড়িত ইমামদের সঙ্গে সাক্ষাত করবেন। মারগট এলিস ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত উগান্ডায় ইউএসএইড মিশন পরিচালক ছিলেন। উগাণ্ডায় এইডস ও ম্যালেরিয়া মোকাবেলায় বড় ধরণের কর্মসূচি পরিচালনা ছাড়াও দেশটির কৃষি উৎপাদন, বৃদ্ধিজীববৈচিত্র সংরক্ষণ,দুর্নীতি হ্রাসের মতো বিভিন্ন খাতে তিনি ভূমিকা রেখেছেন। এর আগে তিনি ফিলিস্তিনী এলাকা , দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮৩৫ঘ.