২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৩ হাজার কোটি টাকার ১৪টি প্রকল্প একনেকে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩ হাজার কোটি টাকা (২ হাজার ৯৫৪ কোটি) ব্যয় সম্বলিত ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩ হাজার কোটি টাকা (২ হাজার ৯৫৪ কোটি) ব্যয় সম্বলিত ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এর প্রকল্প সাহায্য (বৈদেশিক সাহায্য) হচ্ছে মধ্যে ১ হাজার ৩৯৬ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ৫৬ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ৪ লেইনে উন্নীত করা; ১৩০ কোটি টাকায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কে খেপুপাড়া, হাজীপুর ও মহীপুরে তিনটি সেতু নির্মাণ; ৩৯ কোটি টাকায় শিরনীরটেক হতে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ; ৫৭ কোটি টাকায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের (২২ কিমি) অসমাপ্ত কাজ সম্পন্ন করা। এই চারটি প্রকল্প সড়ক ও রেলপথ বিভাগ বাস্তবায়ন করবে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে রাজধানীর এয়ারপোর্ট রোড-রোকেয়া সরণী সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) এবং দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এয়ারপোর্ট রোড-রোকেয়া সরণী সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি টাকা। আর দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ১৪৯ কোটি টাকা। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৯৯ কোটি টাকা ব্যয়ে রংপুর বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদিত হয়েছে। এছাড়া ২২৭ কোটি টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা সুবিধা উন্নয়নকল্পে বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনা, ১৩৮ কোটি টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পুরনো স্থাপনা মেরামত ও সংস্কার, ৩৬ কোটি টাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শমসেরনগর, মৌলভীবাজার এবং পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইলে বিএএফ শাহীন স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের অধীনে ১০৮ কোটি টাকায় বৃহত্তর চিটাগাং বিদ্যুৎ বিতরণ প্রকল্প, ১৩৭ কোটি টাকার প্রি-পেমেন্টে মিটারিং প্রজেক্ট ফর ডিস্ট্রিবিউশন সাউদার্ন জোন চিটাগাং প্রজেক্ট, ১৩৪ কোটি টাকার রি-ইনফোর্সমেন্ট, রিনোভেশন অ্যান্ড অগমেন্টেশন অব ৩৩/১১ কেভি সাব-স্টেশন আন্ডার ডিপিডিসি (সংশোধিত) এবং ৬১১ কোটি টাকা ব্যয়ে ১০-শহর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প একনেক অনুমোদিত করেছে। একনেকের রোববারের বৈঠক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের শেষ বৈঠক ছিল কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা জানান, ঈদের ছুটির পর আরও একটি বৈঠক হবে। বৈঠকে উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল, এমএ মতিন, গোলাম কাদের, আনোয়ারুল ইকবাল, সিএস করিম, এএমএম শওকত আলী, রাশেদা কে চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬২৫ ঘ.