২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাক উল্টে পাঁচ শ্রমিক নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রোববার ভোররাতে একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। হতাহতদের সবাই শ্রমিক। স্বল্প আয়ের এসব লোক মালবাহী ট্রাকে চড়ে ঈদে বাড়ি ফিরছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

আহসান হাবীব নীলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কুড়িগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রোববার ভোররাতে একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। হতাহতদের সবাই শ্রমিক। স্বল্প আয়ের এসব লোক মালবাহী ট্রাকে চড়ে ঈদে বাড়ি ফিরছিল। রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের বাতারগ্রাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী। নিহতরা হলেন- ইটালুকান্দা গ্রামের সমের আলী (২২) ও জাহাঙ্গীর আলম (২০); শান্তিরচর গ্রামের কফিল উদ্দিন (১৮), হামেদ (২০) ও রশীদ মোল্লা (২১)। আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি দাঁতভাঙ্গা ইউনিয়নের ওই দুটি গ্রামে। পুলিশ কর্মকর্তা আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাকটি টাঙ্গাইল থেকে আসছিল। বাতারগ্রাম এলাকায় রাস্তায় ভাঙা অংশ পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।" দুর্ঘটনায় পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। আহতদের মধ্যে ১১ জনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, চার জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাঁতভাঙ্গার ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ফজলুল হক বলেন, "চর ইটালুকান্দা ও শান্তিচরের গ্রামের ৭০ জন শ্রমিক দেড় মাস আগে টাঙ্গাইলের হাটুভাঙ্গা এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। শনিবার রাতে তারা মালবাহী একটি ট্রাক ভাড়া করে তাতে চেপে বাড়ির পথে রওনা হয়।" আহতদের মধ্যে আফছার (২৩) ও ফজল (২০) নামে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুলাল (৩০), ময়দান (২০), রফিকুল (১৮) ও মিলনকে (১৬) কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। রৌমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আছেন সোলেমান (১৮), বাবু মিয়া (১৭), ফজলুল হক (৩৫), নুর ইসলাম (২৫), আশরাফ (২৪), রাসেল (১৭), শহীদুল (১৬), রাসেল (১৫), শফিকুল (২৩), নুরুল ইসলাম (২০) ও রফিক (১৮)। এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও এর সহকারী পলাতক বলে পুলিশ জানিয়েছে। ওসি আকবর জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক এলাকায় একসঙ্গে পাঁচ জনের মৃত্যুতে ইটলুকান্দা ও শান্তিরচর গ্রামে ঈদের ঠিক আগে আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে। রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হানিফ উদ্দিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.